জুনে নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বাকলিয়া সংযোগ সড়কের কাজ আগামী জুন মাসে শুরু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সড়কের নির্মাণকাজের জন্য ২ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়েছে।
দরপত্র ফরম বিক্রির শেষ সময় ২ মে। দেড় কিলোমিটার দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের এ সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০৬ কোটি ৪৭ লাখ টাকা।
প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এ সড়কটি বাকলিয়ার প্রায় আড়াই লাখ বাসিন্দার কষ্ট লাঘব করবে। সহজ হবে দক্ষিণ চট্টগ্রাম ও মূল শহরের সঙ্গে যোগাযোগ। এখন জরুরি প্রয়োজনে অনেক এলাকা ও প্রায় আট কিলোমিটার ঘুরে মূল শহরে আসতে হয় বাকলিয়ার বাসিন্দাদের। এ সড়ক নির্মিত হলে দূরত্ব পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার কমে যাবে। এ ছাড়া শহরের প্রধান সড়কে গাড়ির চাপ কমবে, যা যানজট কমাতে ভূমিকা রাখবে।
বাকলিয়ার বাসিন্দারা জানান, পূর্ব, পশ্চিম ও দক্ষিণ বাকলিয়ার বাসিন্দাদের আন্দরকিল্লা, নিউমার্কেট কিংবা আগ্রাবাদ আসতে হলে ডিসি সড়ক, কে বি আমান আলী সড়ক ও সৈয়দ শাহ সড়কের যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হয়। সরু এসব সড়কে হাঁটাও দায় হয়ে পড়ে। ফলে আধা ঘণ্টার পথ পেরোতে প্রায়ই দুই থেকে আড়াই ঘণ্টা লেগে যায়। একইভাবে বহদ্দারহাট আসতেও ভোগান্তির শেষ নেই।
সিডিএর প্রকৌশল বিভাগ সূত্র জানায়, নগরের সিরাজউদৌল্লা সড়কের চন্দনপুরার ফায়ার সার্ভিস স্টেশনের পাশ থেকে শুরু হয়ে ডিসি সড়ক, বগার বিল, মৌসুমি আবাসিক এলাকা, সৈয়দ শাহ সড়ক হয়ে বাকলিয়া থানার পাশে গিয়ে শেষ হবে এ সড়ক। সেখানেই শাহ আমানত সেতু সংযোগ সড়কের সঙ্গে যুক্ত হবে চার লেনের সড়কটি।
সিডিএ সূত্র জানায়, এই প্রকল্পের জন্য প্রায় ৪২০ কাঠা জমি অধিগ্রহণ করা হবে। এতে ব্যয় হবে ১৭০ কোটি টাকা। বর্তমানে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ নির্ধারণের প্রক্রিয়া চলছে। চলতি মাসের শেষের দিকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
সিডিএর নির্বাহী প্রকৌশলী আহমদ মঈনুদ্দিন প্রথম আলোকে বলেন, দরপত্র যাচাই-বাছাই এবং ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া শেষ করতে মে পর্যন্ত সময় লাগবে। এরপর জুনের শুরুর দিকে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। এক বছরের মধ্যে সড়কের
নির্মাণকাজ শেষ করার লক্ষ্য আছে। তবে প্রকল্প বাস্তবায়নের সময় রয়েছে ২০১৯ সালের জুন পর্যন্ত। তিনি জানান, প্রকল্প এলাকায় কয়েকটি ভবন ও ভবনের অংশ রয়েছে। এসব অপসারণ করার প্রস্তুতি চলছে।
গত বছরের ৬ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২০৬ কোটি ৪৭ লাখ টাকার এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ‘সিরাজুদৌল্লা রোড থেকে শাহ আমানত সেতু সংযোগ সড়ক পর্যন্ত সড়ক নির্মাণ’ নামের এ প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৯-এর জুন পর্যন্ত। ২০১৩-১৪ অর্থবছরে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় সিডিএ।