চট্টগ্রাম শহরের পানি সমস্যা সমাধানের লক্ষ্যে কর্ণফুলীর পোমরা এলাকায় একটি পানি শোধনাগার প্রকল্প হাতে নেওয়া হয় ২০০৫ সালে। ২০০৯ সালে সেখান থেকে নগরে পানি সরবরাহের কথা ছিল। কিন্তু দুই বছর পরে এসেও প্রস্তাবিত প্রকল্প এলাকায় এখনো মাটি ভরাটের কাজই শেষ হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১২ সালের জুনে কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়। কিন্তু প্রকল্পের কাজ বর্তমানে যে গতিতে এগোচ্ছে, তাতে জুনে পানি সরবরাহ সম্ভব হবে না বলে মনে করছেন ওয়াসার কর্মকর্তারা।ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘মূলত ভূমি অধিগ্রহণ আর তিন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা নিয়েই আমাদের অনেক সময় ব্যয় হয়েছে। আশা করি জুনে না হলেও বর্তমান সরকারের সময়ে কাজ শেষ হবে।’ গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রকল্প এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি ওয়াসার কর্মকর্তাদের পাশাপাশি এলাকাবাসীর সঙ্গেও কথা বলেন। প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘কাজ শুরুর ব্যর্থতা বিগত সরকারের। আমরা একটি মৃত প্রকল্পকে নতুন করে শুরু করেছি। আশা করছি বর্তমান সরকারের মেয়াদকালেই এ প্রকল্প থেকে চট্টগ্রাম শহরে পানি সরবরাহ শুরু হবে।’ প্রতিমন্ত্রী এ ধরনের আশার কথা জানালেও গত নভেম্বরে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান মারুবিনি কোবোতার সঙ্গে পাইপলাইন বসানোর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেও কাজের মেয়াদ ৩০ মাস উল্লেখ করা হয়। এ ব্যাপারে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমরা আশা করছি বর্তমান সরকারের মেয়াদ কালেই দ্রুত কাজ শেষ করতে আমরা দিনরাত পরিশ্রম করছি। আমি নিজেও তাই প্রকল্প এলাকায় চলে এসেছি। ২০১৩ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি সরবরাহ শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার।’ গত রোববার রাঙ্গুনিয়ার পোমরায় কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে দুটি জায়গা অধিগ্রহণ করা হয়েছে। কাপ্তাই সড়কের পাশে অধিগ্রহণ করা ভূমিতে মাটি ভরাট কাজ শেষ হয়েছে। এখানে প্রকল্পে কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা গড়ে তোলা হবে। তার দক্ষিণ পাশে প্রকল্পের মূল জমি। সেখানে এখন মাটি ভরাটের কাজ চলছে। দুটি ভূমির আয়তন প্রায় ৩২ একর। এনজেএস নামের একটি জাপানি প্রতিষ্ঠান প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা যায়, আগামী জুন মাসে বর্তমান প্রকল্পের নির্মাণ কাজের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু ওই মেয়াদে কাজ না হওয়ায় সরকারের কাছে নতুন করে মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হয়েছে। জাপানি আর্থিক সহযোগিতা প্রতিষ্ঠান জাইকার অর্থায়নে কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের কাজ চলছে। এ প্রকল্পের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নগরের পানি সরবরাহব্যবস্থা সংস্কারের কাজ শুরুর প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। এক্ষেত্রে বিদেশি অর্থায়নেই নগরের পানি সরবরাহ ব্যবস্থার সংস্কার করা হবে। পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এ অর্থায়নে কোনো হেরফের হবে কি না জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘এ ধরনের আশঙ্কা আমরা করছি না। দেশে বিশ্বব্যাংক যেসব প্রকল্পে অর্থায়ন করছে তাতেও কোনো সমস্যা হচ্ছে না। বিশ্বব্যাংক পদ্মা সেতু নিয়ে একটি সাংঘর্ষিক বিষয় তুলেছে। সরকার তার জবাব দিয়েছে।’ জানা যায়, বর্তমান সরকারের আমলে রাঙ্গুনিয়ার পোমরায় কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প স্থাপনের জন্য প্রায় ৩২ একর জায়গা অধিগ্রহণ করা হয়। স্থানীয় অধিবাসীদের বাধার মুখে তাদের অতিরিক্ত অর্থ পরিশোধেরও উদ্যোগ নেয় ওয়াসা। প্রকল্পের কাজ শেষ হলে এখান থেকে নগরে প্রতিদিন ১৩ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। বর্তমানে ওয়াসা নগরে চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ পানি সরবরাহ করে। কর্ণফুলী প্রকল্পের পানি নগরের চাহিদার ২৫ শতাংশ পূরণ করবে বলে ওয়াসার কর্মকর্তারা জানান। প্রকল্পের তিনটি পর্যায়ে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার তিনটি প্রতিষ্ঠান কাজ করছে। এর মধ্যে নগরে জলাধার নির্মাণের কাজ করছে দক্ষিণ কোরিয়া। প্রকল্পের মূল প্ল্যান্ট বসানোর কাজ পেয়েছে একটি চীনা প্রতিষ্ঠান। আর পোমরা থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত পানির পাইপলাইন স্থাপনের কাজ করছে জাপানি প্রতিষ্ঠান। এর মধ্যে জলাধার নির্মাণের কাজ শুরু হলেও অন্য কাজ দুটি শুরু হয়নি।