জুনের আগে তৃতীয় কর্ণফুলী সেতুর কাজ শেষ করা নিয়ে সংশয়
তৃতীয় কর্ণফুলী সেতুর নির্মাণকাজ জুনের আগে শেষ হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সেতুর উভয় পাশের সংযোগ সড়কের বেশির ভাগ কাজ এখনো শেষ হয়নি। তা ছাড়া, সেতুর ওপর এসফল্টের পিচ (আধুনিক পদ্ধতিতে সড়কে পিচঢালাই) করার কাজও শুরু হয়নি। এ অবস্থায় জুনে প্রধানমন্ত্রী সেতুটি উদ্বোধন করার কথা থাকলেও তা সম্ভব হবে না বলে মনে করা হচ্ছে। সরজমিনে দেখা যায়, সংযোগ সড়কের বেশির ভাগ অংশ এখনো পুরোপুরি ভরাট করা হয়নি। এ ছাড়া সেতু থেকে সংযোগ সড়ক পর্যন্ত দুইপাশের ফুটপাতের কাজ অর্ধেকেরও বেশি বাকি রয়েছে। এমনকি সংযোগ সড়কের কোনো অংশও গাড়ি চলাচলের জন্য তৈরি হয়নি। প্রকল্পের কর্মকর্তারা বলেন, চীনারা নির্ধারিত সময়েই সেতু নির্মাণের কাজ শেষ করেছেন। কিন্তু দেশি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত কাজ শেষ করতে পারছে না। জানা গেছে, সংযোগ সড়কের কাজ শেষ হলে সেতুর ওপর পিচঢালাই দেওয়া হবে। তৃতীয় কর্ণফুলী সেতু সোজা না করে একটু বাঁকা রাখা হয়েছে। ওই বাঁকের সঙ্গে সামঞ্জস্য রেখেই পিচঢালাই করতে হবে। এর জন্য নির্ধারিত সময়ের চেয়ে অন্তত ১৫ দিন বেশি লেগে যেতে পারে বলে সেতু প্রকল্পের প্রকৌশলীরা ধারণা করছেন।কর্ণফুলী সেতুর প্রকল্প পরিচালক বিধানচন্দ্র ধর প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টা করছি যাতে মে মাসের মধ্যেই সেতুর সব কাজ শেষ হয়। এটা সম্ভব হলে জুনের শুরুতে প্রধানমন্ত্রীর সেতুটি উদ্বোধনের সম্ভাবনা আছে।’ জানা যায়, ২০০৬ সালের ১৯ জুলাই তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণের চুক্তি সই হয়। গত ডিসেম্বরে সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু যথাসময়ে কাজ শেষ না হওয়ায় তা জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তবুও কাজ যথাসময়ে শেষ হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ সম্পর্কে সেতুর প্রকল্প পরিচালক বলেন, ‘বর্তমানে যাঁরা কাজটি করছে তাঁদের দেরি হচ্ছে, তাতে সন্দেহ নেই। কিন্তু তাঁদের কার্যাদেশ বাতিল করে অন্য কাউকে দায়িত্ব দিতে গেলে আনুষ্ঠানিকতা সারতেই তিন মাস লাগবে। এজন্য আমরা বর্তমান ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়েই কাজটি শেষ করার জন্য চাপ দিয়ে যাচ্ছি।’ প্রসঙ্গত গত ২০ মার্চ আনোয়ারা-পশ্চিম পটিয়ার সাংসদ এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী সেতু পরিদর্শনে এসে নির্মাণকাজ কবে শেষ হবে জানতে চান কর্মকর্তাদের কাছে। তিনি প্রস্তাব করেন, মধ্য এপ্রিলের মধ্যে কাজ শেষ করা গেলে মে মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে সেতুটি উদ্বোধন করতে পারবেন। কিন্তু সেতুর উভয়পাশের সংযোগ সড়ক নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তারা জানান, সড়কের কাজ শেষ করতে পুরো মে মাস লাগবে। ইতিপূর্বে গত নভেম্বরে সেতুর কাজ শেষ হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। ওই ঘোষণার পর সেতুর কাজ শেষ করতে কেন এত দিন লাগছে জানতে চাইলে আল আমিনের প্রতিনিধি আমির ফারুক বলেন, ‘সেতুর উভয় পাশে সড়ক নির্মাণের জন্য মাটি পেতে দেরি হয়েছে।’ এসময় সাংসদ বলেন, ‘এটা খুবই খোঁড়া যুক্তি। আপনার কথা শুনে মনে হচ্ছে, জুনেও কাজ শেষ করতে পারবেন না।’ আমির ফারুক জানান, অন্তত মে মাসের শেষ সপ্তাহে সেতুর দুইপাশের সংযোগ সড়কের কাজ শেষ করার ব্যাপারে তাঁরা আশাবাদী। সেতু পরিদর্শন শেষে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে অবস্থিত প্রকল্প কার্যালয়ে স্লাইড শোর মাধ্যমে সেতুর নির্মাণকাজ দেখানো হয় আকতারুজ্জামান চৌধুরীকে। এসময় তিনি সেতু নির্মাণের পর আশপাশের সম্ভাব্য দুর্বলতা বা অসম্পূর্ণতা সম্পর্কে জানতে চাইলে একাধিক কর্মকর্তা বলেন, তৃতীয় কর্ণফুলী সেতুর মূল পরিকল্পনায় সেতুর দুইপাশের সংযোগ সেতুতে দুইটি করে আন্ডারপাস তৈরির কথা ছিল। কিন্তু পরবর্তীকালে সড়ক ও জনপথ বিভাগ আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা বাতিল করে। পাশাপাশি বহদ্দারহাট থেকে তৃতীয় কর্ণফুলী সেতু পর্যন্ত সড়ক চার লেনে সমপ্রসারণের কাজ আগে শুরু না করায় সেতুটি দিয়ে যান চলাচল শুরু হলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হতে পারে। আখতারুজ্জামান চৌধুরী বলেন, ‘আগামী এক বছরের মধ্যেই বহদ্দারহাট থেকে সেতু পর্যন্ত চার লেনে সড়ক সমপ্রসারণের কাজ শুরু হবে। ইতিমধ্যে সড়কের জন্য ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে।’