জুবায়ের ইবনে কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার ছোট মামা ইরফান শেখ। মোটামুটি সাহিত্যপ্রেমী। আমার থেকে কয়েক বছরের বড়। সে কারণে মামা-ভাগনের পাশাপাশি বন্ধুত্বও অনেক গাঢ়। গত ঈদে আমরা পুরো ফ্যামিলি গ্রামে গিয়েছিলাম ঈদ উদ্‌যাপন করতে। আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর। পদ্মার অপর প্রান্তে থাকায় ঢাকার মাওয়া হয়ে লঞ্চযোগে যেতে হয়। কৃষ্ণপক্ষীয় রাত আমি এর আগে কখনো দেখিনি। আমি বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদী দেখছিলাম। অমনি ছোট মামা এসে বলল, প্রাকৃতিক সৌন্দর্য কি শুধু দেখার জিনিস! যা তুই যদি আমার যোগ্য ভাগনে হয়ে থাকিস, তবে এ নিয়ে একটা কবিতা লিখে দেখা। মামার প্রস্তাব আমার কাছে খুবই ভালো লাগল। যেই ভাবা সেই কাজ। পরিশ্রম করে প্রকৃতির ওপর লেখা একটা বিশাল কবিতা মামার হাতে দিলাম। মামা কবিতা পড়ে বলল, খুব ভালো হয়েছে। এটা পত্রিকায় পাঠিয়ে দিচ্ছি। আমার খুশি আর দেখে কে! আমি অধীর আগ্রহে পত্রিকায় আমার কবিতা ছাপার জন্য অপেক্ষা করতে লাগলাম। গ্রামে কাজিনদের সঙ্গে আনন্দ করতে ব্যস্ত, ওই সময় মামা বলল তোর জন্য সারপ্রাইজ আছে। আমার বুঝতে বাকি রইল না এটা কবিতা-সংক্রান্ত। আমার ঈদ আনন্দ যেন আরও বহুগুণে বেড়ে গেল। ঈদের সকালে মামা বন্ধুসভার একটা কপি আমার হাতে ধরিয়ে দিলেন। আমি দেখলাম কবিতা ছাপা হয়েছে। খুশিতে অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। ঠিক ওই সময় দেখি মামা মিটিমিটি হাসছে। আমি হাসির কারণ জিজ্ঞেস করলে মামা লেখকের নাম পড়তে বলল। দেখলাম লেখকের নামের স্থানে আমার নামের জায়গায় লেখা—ইরফান শেখ! আমার কবিতা মামা নিজের নামে চালিয়ে দিয়েছে।