জুমচাষিদের মধ্যে ম্যালেরিয়া প্রতিরোধক জ্যাকেট বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় নিয়ে আসার জন্য জুমচাষিদের ম্যালেরিয়া প্রতিরোধক জ্যাকেট ও বান্দরবানে দরিদ্র শিশুদের কৃমি থেকে রক্ষায় জুতা বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে বিতরণ করা জুতা ও জ্যাকেটের কার্যকরিতা সন্তোষজনক ফলাফল পাওয়া গেছে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
সিভিল সার্জন মংতেঝ রাখাইন জানিয়েছেন, কীটনাশকযুক্ত মশারি বিতরণে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে সাফল্য আসায় এখন প্রতিরোধক জ্যাকেট বিতরণ করা হচ্ছে। তিন পার্বত্য জেলার জুমচাষি ও বনাঞ্চলে দৈনন্দিন যাঁরা কাজ করেন তাঁদের মধ্যে বিশেষ এ জ্যাকেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে জুমিয়া আদিবাসী, কাঠশ্রমিক ও বনাঞ্চলে যাঁরা কাজ করেন তাঁদের মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। আবার জুতা ব্যবহার না করা দরিদ্র শিশুরা কমবেশি কৃমি ও মাটিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এ জন্য পরীক্ষামূলকভাবে বান্দরবান সদর উপজেলায় কীটনাশকযুক্ত প্রতিরোধক জ্যাকেট ও শিশুদের জন্য টমস জুতা বিতরণ করা হচ্ছে। প্রাথমিকভাবে বান্দরবান উপজেলার পাঁচটি ইউনিয়নে এক হাজার ৯২০ জন জুমিয়াকে জ্যাকেট এবং শুধু রাজবিলা ইউনিয়নের শিশুদের জুতা বিতরণ করা হয়েছে।
বনাঞ্চলে কাজ করতে যাওয়া লোকজন কীটনাশকযুক্ত জ্যাকেট গায়ে রাখলে মশার কামড় থেকে রেহাই পাবেন। মশা কামড় দিলেও ম্যালেরিয়া জীবাণু অকার্যকর হয়ে শরীরে সংক্রমণ ঘটাতে পারবে না।
ব্র্যাকের বান্দরবানের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ বিভাগের ব্যবস্থাপক শামীম গাজি বলেন, মশারি ও জ্যাকেট বিতরণে তারা স্বাস্থ্য বিভাগকে সহযোগিতা করছেন। মশারি বিতরণের সাফল্যের মতো জ্যাকেট বিতরণে সাফল্য পাওয়া গেলে জেলাব্যাপী জুমচাষি ও বনাঞ্চলে কাজ করা শ্রমিকদেরও এ কর্মসূচির আওতায় আনা হবে। স্বাস্থ্য বিভাগের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ বিভাগের সমন্বয়কারী ডা. আনোয়ারুল হক বলেন, ২০০৭ সাল থেকে ২০১৩ সালে জেলার সাতটি উপজেলায় ব্র্যাকের মাধ্যমে প্রত্যেক পরিবারকে দুটি করে প্রায় ২১ লাখ মশারি বিতরণ করা হয়েছে। এর ফলে জেলায় আগে যেখানে প্রতিবছর গড়ে ৪৫-৫০ হাজার মানুষ আক্রান্ত ও ১০০ জনের ম্যালেরিয়ায় মৃত্যু হতো সেখানে ২০১৩ সালে আক্রান্ত হন আট হাজার ৯৬১ জন। মৃত্যু হয়েছে মাত্র তিনজন।