জুমপাড়ার খবর কেউ রাখে না
রাঙ্গুনিয়ার আদিবাসী গ্রাম জুমপাড়ার মানুষকে দেখার কেউ নেই। চট্টগ্রাম ও রাঙামাটি জেলার সীমানায় অবস্থিত এ গ্রামে ৪৫টি চাকমা আদিবাসী পরিবারের দুই শতাধিক লোক বাস করে। গ্রামের জ্যেষ্ঠ ব্যক্তিরা ৫০ থেকে ৬০ বছর আগে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসে এ গ্রামের সূচনা করেছিলেন। পাড়াবাসীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, চট্টগ্রাম কাপ্তাই সড়ক থেকে মাত্র ২০০ গজ পশ্চিমে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জুমপাড়া গ্রাম। গ্রামের সবখানে অভাবের ছাপ। উন্নয়নের কোনো চিহ্নই নেই। গ্রামের প্রধান বিজয় কুমার কার্বারি (৬০) বলেন, ‘জায়গাটি মূলত বন বিভাগের। এর অবস্থান একসময় পার্বত্য চট্টগ্রামে থাকলেও তা কখন চট্টগ্রামের অধীনে চলে গেছে, তা কেউ জানতে পারিনি। ব্রিটিশ আমলের শেষ এবং পাকিস্তান আমলের প্রথম দিকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে কুষ্ঠ রোগীরা চিকিৎসা নিতে চন্দ্রঘোনায় আসেন। সুস্থ হওয়ার পর গ্রামে যেতে না পেরে এখানে বসবাস শুরু করেন।’মনোরঞ্জন চাকমা (৭৫) বলেন, ‘আমার বাড়ি ছিল বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি গ্রামে। কিশোর বয়সে কুষ্ঠ রোগের চিকিৎসা নিতে আসি। সুস্থ হওয়ার পর গ্রামে গেলে আমাকে থাকতে দেওয়া হয়নি। তাই ফিরে এসে অন্যদের সঙ্গে এ জায়গায় বসবাস শুরু করি।’গ্রামের যুবক শান্তি চাকমা বলেন, গ্রামের জ্যেষ্ঠ লোকজন অভাব আর অসচেতনতার কারণে পড়াশোনা করেননি। এখন চরম কষ্টের মধ্যেও পড়াশোনা করছে ছেলেমেয়েরা। তবে গ্রামের তিন কিলোমিটারের মধ্যে কোনো বিদ্যালয় নেই। এলাকার লোকজন জানান, তাঁদের চাষযোগ্য জমি ও আয়ের কোনো উৎস নেই। কর্মক্ষম ব্যক্তিরা করেন দিনমজুরি এবং কুষ্ঠ রোগগ্রস্ত বয়স্ক ব্যক্তিরা করেন ভিক্ষাবৃত্তি। গ্রামে বিদ্যুৎ সংযোগ, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই। তাঁদের অভিযোগ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের ওই গ্রামের দিকে দৃষ্টি থাকে না।চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইদ্রিস আসগর বলেন, ‘দরিদ্র চাকমা পরিবারগুলোর উন্নয়নে আমি চেষ্টা করে যাচ্ছি।’গ্রামের বয়স্ক ব্যক্তিদের কাছে রক্ষিত নথিপত্রে জানা যায়, ১৯৭৪-৭৫ সালে ডেভিড জে স্টকলি নামের এক ব্রিটিশ নাগরিক কুষ্ঠ রোগগ্রস্ত ১০টি পরিবারকে নিয়ে একটি সমিতি করে ওই স্থানে স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেন। পরে চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের তত্ত্বাবধায়ক এস এম চৌধুরীর প্রচেষ্টায় ১৯৭৭ সালে বন বিভাগের তৎকালীন প্রধান বন সংরক্ষকের কাছ থেকে ওই এলাকায় কুষ্ঠ আক্রান্ত ১০ পরিবারকে বন্দোবস্ত দেওয়ার অনুমতি পাওয়া যায়। ওই সময় বন সংরক্ষক কৃষি মন্ত্রণালয়ের বন, মৎস্য ও পশুপালন বিভাগের সচিবকে এক পত্রে লেখেন, ‘কুষ্ঠ রোগগ্রস্ত ১০টি পরিবার পার্বত্য চট্টগ্রামের অন্তর্গত খেদালা বিটের ছয় দশমিক ৫২ একর জায়গা বেআইনিভাবে দখল করেছে। উক্ত জমি একর প্রতি বার্ষিক ১০ টাকা হারে খাজনা আদায় সাপেক্ষে বন্দোবস্ত দেওয়ার জন্য বন সংরক্ষক পূর্বাঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে।’ গ্রামের লোকজন জানান, ওই সময় এলাকায় শিক্ষিত লোক না থাকায় এবং সবাই কুষ্ঠ রোগগ্রস্ত হওয়ায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ ছিল না। ফলে অবহেলায় বন বিভাগের কর্মকর্তারা প্রধান বন সংরক্ষকের নির্দেশ পালন করেননি। তবে নির্দেশ অনুযায়ী এখনো প্রতিবছর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) বরাবরে নির্ধারিত খাজনা দেওয়া হচ্ছে। যদিও জমি নিজেদের নামে বন্দোবস্ত হয়নি। অপরদিকে ওই জমির দুই-তৃতীয়াংশ ইতিমধ্যে বেহাত হয়ে গেছে। সে কারণে তাঁরা জমির সীমানা নির্ধারণের জন্য গত বছরের ১৮ ফেব্রুয়ারি বন বিভাগে আবেদন করেছেন। কিন্তু তারও কোনো অগ্রগতি নেই।যোগাযোগ করা হলে ডিএফও বখতিয়ার নুর সিদ্দিকী বলেন, বিষয়টির ব্যাপারে আমার সুস্পষ্ট ধারণা নেই। নথিপত্রসহ আমার সঙ্গে যোগাযোগ করা হলে দেখব কী করা যায়।রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী জানান, ওই গ্রাম সম্পর্কে তাঁর কিছু জানা নেই।