জুমিয়াদের ঘরে নতুন ধানের সুবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলায় জুমের ধান তোলার কাজ শুরু হয়েছে। জেলা সদরের আলুটিলা পাহাড় এলাকা, বড়পাড়া, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের তিন, পাঁচ ও নয় মাইল এলাকায় সবুজ রঙের ধানের ছড়া এখন সোনালি রং ধারণ করেছে। ব্যস্ততা বেড়েছে জুমচাষিদের। ঘরে-ঘরে নতুন ধানের সুবাস, চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। আদিবাসীপাড়াগুলো এখন কর্মচঞ্চল ও আনন্দমুখর।কৃষি সম্প্রসারণ বিভাগ খাগড়াছড়ির উপ-পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর জেলায় মোট তিন হাজার ১৬০ হেক্টর পাহাড়ে জুম চাষ হয়েছে। এর মধ্যে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলায় এক হাজার ৩৪০ হেক্টর, পানছড়ি উপজেলায় ৫৫০ হেক্টর, মাটিরাঙ্গা উপজেলায় ৫৩০ হেক্টর, মহালছড়িতে ৪১০ হেক্টর, লক্ষ্মীছড়ি উপজেলায় ২০০ হেক্টর, মানিকছড়ি উপজেলায় ৮৫ হেক্টর ও রামগড় উপজেলায় ৪৫ হেক্টর পাহাড়ে জুম চাষ হয়েছে। গত এপ্রিলে জুমখেতে একসঙ্গে বহু ফসলের বীজ বুনেছিলেন কৃষকেরা। এর মধ্যে মারফা, মিষ্টি কুমড়াসহ বেশকিছু ফসলও তাঁরা তুলেছেন। এখন জুমের পাকা ধান কাটছেন তাঁরা। তবে একই পাহাড়ে ঘন ঘন জুমচাষ করায় এবার রোগবালাই দেখা দিয়েছে ধানে। হয়নি প্রত্যাশিত ফলন।খাগড়াছড়ি সদরের তিন মাইল এলাকার জুমচাষি রঙ্গীলা ত্রিপুরা বলেন, ‘জুম থেকে ধান তোলার আগে মারফা, মিষ্টি কুমড়া, ভুট্টা, শাকসবজি তুলেছি। এখন ধান পেকেছে। ধান হলো জুমের প্রধান ফসল। ধান তোলার পর জুম থেকে তিল, যব, আলু, কচু, হলুদ ও আদা তোলার সময় হবে। এভাবে এক খেত থেকে বছরের প্রায় নয় মাস বিভিন্ন ফসল তুলব।’ তবে নতুন ফসল তোলার আনন্দ কিছুটা ম্লান হয়েছে ফলন আশানুরূপ না হওয়ায়। কাঙ্ক্ষিত ফলন না পেয়ে হতাশ বড়পাড়ার জুমচাষি মহিনী রঞ্জন ত্রিপুরা। তিনি বলেন, ‘এ বছর জুমের ধান তেমন ভালো হয়নি। ধানের রোগবালাই বেশি হয়েছে। ঘন ঘন বৃষ্টিপাতের কারণে ওষুধও তেমন কার্যকর হয়নি। শুধু ধান নয়, জুমে মারফাও তেমন উৎপাদন হয়নি। আশা করছি তিল, যব, আদা ও হলুদের উৎপাদন মোটামুটি ভালো হবে।’ একই গ্রামের ললিত মোহন ত্রিপুরা বলেন, ‘জুমিয়ারা (জুমচাষি) এমনিতেই অভাবী মানুষ। জুমচাষ পুরোপুরি প্রকৃতিনির্ভর। আবহাওয়া প্রতিকূল থাকলে ফলন কমে যায়।’খাগড়াছড়ি জেলার কৃষি সম্প্রসারণ বিভাগের শস্য উৎপাদন বিশেষজ্ঞ যুগলপদ দে বহু বছর ধরে এই বিভাগে কর্মরত আছেন। তিনি বলেন, ‘জুমচাষ একটি ঐতিহ্যগত চাষাবাদ পদ্ধতি। যাঁরা জুমচাষ করেন, তাঁরা সাধারণত ঐতিহ্যগতভাবে জুমচাষের কলাকৌশল আয়ত্ত করেন। তাই জুমিয়ারা সাধারণত জুম সম্পর্কে জানতে কৃষি কার্যালয়ে আসেন না। তবে জুমের ধানে যখন রোগবালাই হয়, তখন কিছু কিছু চাষি কৃষি কার্যালয়ে আসেন, পরামর্শ নেন। এর বাইরে জুমচাষ নিয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের কোনো কাজ থাকে না।’