জুমের জমি দখল করে রাবার বাগান!
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্নীতির মামলায় পলাতক আসামি বাইশারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ আদিবাসীদের জুমের জমি দখল ও প্রাকৃতিক বনাঞ্চল কেটে রাবার বাগান সৃজন করছেন। কামিরছড়া আদিবাসী এলাকায় আত্মগোপনে থেকে তিনি রোহিঙ্গা শ্রমিক নিয়ে বাগানের কাজ করছেন। এ ব্যাপারে স্থানীয় আদিবাসী ব্যক্তিরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন। জেলা প্রশাসক বিষয়টি তদন্তের জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দায়িত্ব দিয়েছেন বলে জানা গেছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে ফারুক আহমদ পলাতক থাকার কথা স্বীকার করে বলেন, ‘আমি কামিরছড়ায় নয়, কক্সবাজারে আছি। কামিরছড়া এলাকায় জুমের জমি দখল করে রাবার বাগান করার অভিযোগ ঠিক নয়। আমার নাম ভাঙিয়ে কেউ হয়তো জমি দখল ও বাগান করতে পারে।’ তবে আদিবাসীদের জুমের জমির ব্যাপারে গত বছর মৌজার হেডম্যান প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছিলেন বলে স্বীকার করে তিনি বলেন, এ ব্যাপারে বোঝাপড়া হয়েছে। দুর্নীতি মামলায় আজ (১৮ আগস্ট) উচ্চ আদালতে তাঁর জামিনের আবেদনের শুনানির দিন রয়েছে বলে তিনি জানান।
কামিরছড়াপাড়ার কার্বারি (পাড়া প্রধান) মংহ্লাফ চাক ও আমঝিড়িমুখপাড়ার কার্বারি কাইফুং ম্রো জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কামিরছড়া এলাকায় ছোট ছোট ৩০টি পাড়া রয়েছে। এসব পাড়ায় প্রায় ২০০ জুমিয়া আদিবাসী পরিবার বসবাস করে।
তারা অভিযোগ করে, ফারুক আহমদ ওই এলাকায় কয়েক মাস ধরে খামারের মতো গোপন আস্তানা তৈরি করে আত্মগোপন করে আছেন। সেখানে তিনি তিন শতাধিক একর জুমের জমি অবৈধভাবে দখল করে রাবার বাগান সৃজন করছেন। তাঁর সঙ্গে জুমের জমি দখলে রামুর গর্জনিয়া এলাকার আব্দুল মোতালেব নামে এক ব্যক্তিও জড়িত।
মংহ্লাফ চাক ও কাইফুং ম্রো জানান, তাঁরা দখলদার ফারুকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ৭ আগস্ট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। জেলা প্রশাসক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনো কাজ হয়নি। কামিরছড়া এলাকার বাসিন্দা সাইনশৈচিং মারমা, অভিরাম ত্রিপুরা, অংহ্লা প্রুসহ অনেকে অভিযোগ করেন, ফারুক আহমদের বাগানের অধিকাংশ শ্রমিক রোহিঙ্গা। ভূমি দখল ও প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংসে বাধা দিলে বাদুঝিড়ি চাকপাড়া উচ্ছেদ করার মতো তাঁদেরও পাড়া থেকে উচ্ছেদের হুমকি দেয় রোহিঙ্গারা। কামিরছড়া মৌজার হেডম্যানের মুহুরি মানিক ত্রিপুরা আদিবাসীদের জুমের জমি দখল হওয়ার কথা স্বীকার করে বলেন, দখলের ব্যাপারে হেডম্যানের পক্ষ থেকে ভিডিওচিত্রসহ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও কাজ হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও বাইশারী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ফারুক আহমদ কয়েকটি মামলার আসামি। তিনি এখন এলাকায় নেই। তবে কামিরছড়া এলাকায় আত্মগোপন কিংবা ভূমি দখলের ব্যাপারে তাঁদের কাছে কেউ অভিযোগ করেননি।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, ফারুক আহমদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করার জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি স্বীকার করে নাইক্ষ্যংছড়ির ইউএনও আহমেদ জামিল জানান, তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।