জুমের তিল তোলার মৌসুম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুমখেতের প্রধান ফসল ধান তোলার পর এবার পাহাড়ের কৃষকেরা তিল ও মরিচ তোলার প্রস্তুতি নিচ্ছেন। পার্বত্য এলাকার জুম খেতগুলোতে ইতিমধ্যে এ দুটি ফসলের ফলন এসেছে। কোনো কোনো খেতের তিলগাছে ফুল এসেছে, আবার কোথাও ফসল পাকায় গাছ কাটা শুরু করেছেন কৃষকেরা। অগ্রহায়ণ মাসের শেষের দিকে তিল তোলা শেষ হবে বলে জুমচাষিরা জানিয়েছেন।
স্থানীয় কৃষিবিদেরা জানান, পার্বত্য চট্টগ্রামে নানা কারণে তিল চাষের পরিমাণ কমে গেছে। বিশেষ করে জমির উর্বরতা শক্তি কমে যাওয়ায় কৃষকেরা এখন তিলের পরিবর্তে সবজি চাষ করেন। তবে দুর্গম এলাকার কৃষকেরা এখনো তিল চাষ করেন।
লামার ফাসিয়াখালি ইউনিয়নের ত্রিশ ডেবাপাড়ার জুমচাষি সাপ্রু অং মারমা জুমখেতে তিলের চাষ করেছেন। তিনি বলেন, চৈত্রের শেষে বৈশাখের প্রথম দিকে বৃষ্টি হলে জুমে ধানের বীজ রোপণের পর তিলের বীজও ছিটিয়ে দেওয়া হয়। নিয়মিত বৃষ্টিপাতে দ্রুত ধানের চারা বেড়ে উঠলেও তিলগাছ ধীরগতিতেে বড় হতে থাকে। ধান তোলা শেষে শরতের শিশিরে তিলগাছ দ্রুত বেড়ে যায় এবং আশ্বিনের শেষের দিকে ফুল আসতে শুরু করে।
জুমচাষিরা বলেন, কার্তিক মাসে তিলগাছে তিলের গুটি ধরে। এরপর গুটিসহ গাছের ওপরের অংশ কেটে আঁটি বেঁধে রোদে শুকিয়ে নেওয়া হয়। শুকানো আঁটি ঝেড়ে তিল পাওয়া যায়।
চিম্বুক পাহাড়ের ম্রো আদিবাসী জুমচাষি হমক্রি ম্রো ও মেনসি ম্রো বলেন, পাহাড়ি জমির উর্বরতা শক্তি কমে যাওয়ায় ধান, তিল, মরিচ, ভুট্টা, মারফা, চিনার, ঢঁ্যাড়সসহ সব ফসলের ফলন কমে গেছে। এ জন্য তাঁরা জুমে এখন তিলের পরিবর্তে পেঁপে ও অন্যান্য সবজি–জাতীয় ফসল চাষ করেন। তবে বাজারে তিলের দাম ভালো পাওয়া যায়। আবার অনেক দুর্গম এলাকায় এখনো মাটির উর্বরতা শক্তি ভালো। পাশাপাশি ওই এলাকাগুলোতে পচনশীল সবজি বাজারজাত করা সম্ভব হয় না। তাই এসব জায়গায় তিলের চাষ বেশি হয়।
বান্দরবানের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উৎপাদন বিশষজ্ঞ আলতাফ হোসেন বলেন, পার্বত্য চট্টগ্রামে জুমে সাথি ফসল হিসেবে চাষ হওয়া তিল মানের দিক থেকে উৎকৃষ্ট এবং এটি বিদেশেও রপ্তানি হয়ে থাকে। অপেক্ষাকৃত কম খাড়া পাহাড়ি জমিতে তিল ভালো হয়। বান্দরবানে প্রায় নয় হাজার হেক্টর পাহাড়ি জমিতে জুম চাষ হলেও তিল হয় প্রায় এক হাজার হেক্টরে।