জুমের ধান মহাজনের ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ে ঢেউ খেলানো সবুজ ধানের শীষে রং ধরেছে। পাখপাখালির মিলনমেলা বসেছে জুমে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মনের আনন্দে জুমের ধান ঘরে তুলছে আদিবাসী লোকজন। কোনো কোনো চাষি বলছেন, এবার ফলন আশানুরূপ হয়নি। তার ওপর মহাজনদের কাছ থেকে নেওয়া ঋণ শোধ করার পর ফসলের অর্ধেকও ঘরে নেওয়া সম্ভব হবে না। তবে নবান্নের আনন্দে কিছু দিনের জন্য হলেও ক্ষুধার যন্ত্রণা বিদায় নেবে বলে তাঁদের আশা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পাহাড়ে আদিবাসীদের সনাতনী পদ্ধতির চাষাবাদ জুমচাষ। শত বছর ধরে তাঁরা জুমচাষ করে জীবনধারণ করে আসছেন। আলীকদম উপজেলায় ম্রো, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা চাকমা ও মারমাসহ আদিবাসীরা জুমচাষ করেছেন। ধানের পাশাপশি মিষ্টি কুমড়া, তিল, আদা, হলুদ, ভুট্টা, শিম, মারফা, কাউন, মরিচ, তুলাসহ নানা রকম শাকসবজির চাষ করেছেন তাঁরা। অপেক্ষার পালা শেষে কাটা ধান ঘরে তোলা শুরু হয়েছে। এরপর আদিবাসীরা নিজস্ব কৃষ্টি-সংস্কৃতিতে নানা রকম পিঠা তৈরি করে মেতে উঠবে নবান্নের উৎসবে।কিন্তু এমন আনন্দ-উৎসবে অংশীদার হওয়ার ভাগ্য সব চাষির হবে না। প্রভাতপাড়ার জুমচাষি বীর সেন তঞ্চঙ্গ্যা জানান, এ মৌসুমে তিন মহাজনের কাছ থেকে ১২ হাজার টাকা ঋণ নিয়ে তিনি দুই একর ভূমিতে জুমচাষ করেছেন। এতে ৪৫ থেকে ৫০ মণ ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তাঁকে সুদসহ ঋণ শোধ করতে হবে ১৮ হাজার টাকা। আর টাকা শোধ করতে না পারলে মহাজনকে অর্ধেক ফসল দিয়ে দিতে হবে। শুধু বীর সেন নয়। এলাকার প্রায় অর্ধেক জুমচাষিকে ঋণের জালে আটকা পড়ে এমন ভাগ্য বরণ করতে হয় প্রতিবছর। ফসল ঘরে তোলার আগে ধারদেনা শেষ করে উৎপাদিত ফসলের অর্ধেক নিয়ে বাড়ি ফিরতে হয় তাঁদের। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণেও অনেকে পর্যাপ্ত ফসল ঘরে তুলতে পারেন না। জানা গেছে, চকরিয়া থেকে পণ্য কিনতে আসা কিছু ব্যবসায়ী মহাজনী ব্যবসায় জড়িত। এলাকায় না থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।চাইম্প্রা মৌজার দো-ছড়ি এলাকার উচিন্দা কার্বারি বলেন, ‘ধানে ফুল আসার সময় অতিরিক্ত বৃষ্টি হওয়ায় জুমের ধান খারাপ হয়েছে।’ কুরুকপাতার বিদ্যামনি ত্রিপুরা বলেন, ‘এ বছর জুমের ধান অতিরিক্ত পাতলা (চিটা) হয়েছে। পাহাড় ধসে অনেকের জুম নষ্ট হয়ে গেছে। কষ্টের ফসল মাটির নিচে চলে গেছে।’ কলার ঝিরির লারমান ত্রিপুরা ও তৈনখালের রাইতো মনিপাড়ার শূন্যমনি তঞ্চঙ্গ্যাসহ অনেকে জানান, ধানের শীষে ফুল আসার সময় অতিরিক্ত বৃষ্টি হয়েছে। ফলে সঠিক সময়ে ধানের গাছ বেড়ে উঠতে পারেনি। তার পরও অস্বস্তি নেই মনে। কারণ, এই জুমচাষ থেকে সারা বছরের অন্ন জোগাড় হয় পরিবারের।লারমান ত্রিপুরা বলেন, ‘প্রকৃতির নানা প্রতিকূলতার মধ্যেও বেশির ভাগ আদিবাসী এখনো জুমচাষের ওপর নির্ভরশীল। সবকিছুর পরও কষ্টার্জিত ফসল ঘরে আসবে এতেই আমাদের আনন্দ।’ স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ৮২০ হেক্টর পাহাড়ি ভূমিতে জুমচাষ হয়েছে।