জুমের ধানে ভরছে গোলা, খুশি চাষি

রাঙামাটির মগবানের চোংড়াছড়ি পাহাড়। সবুজ পাহাড়ের এখন হলুদ রূপ। পেকেছে জুমের ধান। দল বেঁধে ধান কাটায় ব্যস্ত এখানকার চাষিরা। রোদে দরদর করে ঘামছেন। তবু ক্লান্তি নেই। কারও যেন দম ফেলার ফুরসত নেই। মাঝেমধ্যে শুধু কয়েক মিনিটের পানি পানের বিরতি। গত ২৪ সেপ্টেম্বর বেলা ১১টায় গিয়ে চোখে পড়ে এ চিত্র।
সেখানে কথা হয় চাষি অমলেন্দু চাকমার (৪০) সঙ্গে। তিনি জানান, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয়ে ধান কাটা। চলে দুপুর পর্যন্ত। কাটা ধান রাখা হয় খেতের পাশের জুমঘরে। সেখানে চলে মাড়াই। এরপর মাড়াই করা ধান শুকিয়ে ভরা হয় গোলায়। ফলন কেমন হলো² জানতে চাইলে উচ্ছ্বসিত কণ্ঠে অমলেন্দু বলেন, এ বছর ধান খুব পুষ্ট হয়েছে। পোকামাকড়ের উপদ্রব ছিল না।
ফলন ভালো হওয়ায় অমলেন্দুর মতো এমন উচ্ছ্বাস এখন পাহাড়ের সব চাষির। সম্প্রতি চোংড়াছড়ি, সীতাপাহাড়, আসাম বস্তি, বরকলের সুবলং ও কুতুবছড়ি ঘুরে দেখা গেছে, অধিকাংশ খেতে ধান পেকে গেছে। এখন চলছে কাটা। চাষিরা জানান, সঠিক সময়ে বৃষ্টির কারণে ধানের ভালো ফলন হয়েছে। ধানের পাশাপাশি মারফা (শসা–জাতীয় ফল) ও মরিচ তোলা শুরু হয়েছে।
বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মারমাপাড়ার কার্বারি মনচ প্রু মারমা বলেন, ‘খাদ্য উৎপাদনে আমরা জুমচাষনির্ভর। জুমখেতে ফলন ভালো হয়েছে। তাই গ্রামের সবাই খুশি।’
কাপ্তাই উপজেলার সীতা পাহাড়ের জুমচাষি চাই হা অং মারমা (৩৫) দেড় হেক্টর পাহাড়ে জুমচাষ করেছেন। তিনি বলেন, বৃষ্টিপাত বেশি হওয়ায় জুমখেতে সব সময় আগাছা পরিষ্কার করতে হয়েছে। তবে ফলন ভালো হওয়ায় আগামী এক বছর অভাবে পড়তে হবে না, এটাই শান্তি।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, তিন পার্বত্য জেলায় এবার ১৭ হাজার ৫০০ থেকে ২০ হাজার হেক্টরে জুমচাষ হয়েছে। প্রতি হেক্টরে ধান উৎপাদিত হয় ১ দশমিক ৮ থেকে ২ দশমিক ৪ মেট্রিক টন।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক রমণী কান্তি চাকমা বলেন, হেক্টরে গড়ে দুই মেট্রিক টন হিসাবে জুম খেতে প্রতিবছর ৩৫ হাজার থেকে ৪০ হাজার মেট্রিক টন ধান উৎপাদিত হয়। অন্যান্য ফসলের মধ্যে প্রতি হেক্টরে দুই থেকে আড়াই মণ তিল, মরিচ দেড় থেকে দুই মণ, মিষ্টিকুমড়া ২৫০ থেকে ৩০০টি ও দুই মণ মারফা উৎপাদিত হয়। এ ছাড়া নানা ফসল ও শাকসবজি তো আছেই।
জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কৃষি সম্প্রসারণ বিশেষজ্ঞ পবন কুমার চাকমা বলেন, জুমচাষ পার্বত্য এলাকার দুর্গম পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখে। জুমখেতে ভালো উৎপাদন হলে সাধারণ মানুষের মনে ভবিষ্যৎ খাদ্যাভাবের আশঙ্কা দূর হয়। এ বছর বৃষ্টিপাত ভালো হওয়ায় জুমখেতে ধানের উৎপাদন বাড়বে।