জুমের ফলন কম, সংকটে খুমি জনগোষ্ঠী
জুম খেতে ফলন আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় শতভাগ জুমচাষ নির্ভর বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খুমি আদিবাসীরা জীবিকার সংকটে পড়েছে। তারা জুম চাষের বিকল্প উপায়ও খুঁজে পাচ্ছে না।
সড়কের পাশে বসবাস করেন খুমি সম্প্রদায়ের এমন অনেকে এখন জুম চাষের পাশাপাশি ফলদ ও বনজ বাগান করছেন। তবে ফলদ-বনজ বাগানকে তাঁরাও জুম চাষের বিকল্প হিসেবে নিতে পারেননি।
রোয়ংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে বসবাসরত খুমি সম্প্রদায়ের লোকজন জানান, জুমের ফলন বিগত ১০-১২ বছরে দ্রুত কমে গেছে। সার প্রয়োগ করে কয়েক বছর উৎপাদন কিছুটা ধরে রাখা গেলেও সাম্প্রতিক বছরগুলোতে আবার কমতে শুরু করে। দুই-তিন বছর থেকে ধানের উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে গেছে। পাশাপাশি জুমের জমির ওপর জনসংখ্যা বৃদ্ধির চাপ, বনভূমি ধ্বংস, বনায়নের নামে বন বিভাগের এক প্রজাতির বৃক্ষের বাগান সৃজন ও ব্যাপক হারে পাহাড়ি জমি দখলের কারণে জুমের ফলন কমে গেছে বলে খুমি সম্প্রদায়ের লোকজন জানান।
রোয়াংছড়ির সাংকিংপাড়ার কার্বারি (পাড়া প্রধান) সাংকিং কার্বারি বলেন, ২০-২৫ বছর আগে কোনো সার প্রয়োগ না করে জুমে এক আড়ি (১০ কেজি) ধানের বীজ রোপণ করলে ৮০-৯০ আড়ি ধান উৎপাদন হতো। বর্তমানে সার প্রয়োগ করে এক আড়ি বীজ বুনে জুম খেত থেকে ১৫-২০ আড়ি ধানও পাওয়া যায় না। জুমে রাসায়নিক সার ও আগাছানাশক ব্যবহার করায় মাটির উর্বরতা কমে গেছে। পাশাপাশি পাহাড়ের বড় বৃক্ষ নির্বিচারে নিধনের ফলে প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস হয়েছে। প্রাকৃতিক বনাঞ্চল না থাকায় জুমের ফলন কমছে বলে মনে করেন তিনি।
সাংকিং কার্বারিপাড়ার প্রবীণ বাসিন্দা থানলে খুমি বলেন, রোয়াংছড়ি উপজেলায় বসবাসরত পাঁচটি খুমিপাড়ার কয়েকটি পরিবার ছাড়া কেউ জুম খেত থেকে সারা বছরের খোরাকি উৎপাদন করতে পারেননি। জুম চাষের পাশাপাশি বিকল্প জীবিকার উপায় খুঁজে বের করা না গেলে তাঁরা আরও বেশি সংকটে পড়বেন বলে তিনি জানান।
খুমি সামাজিক সংগঠন খুমি কুহুংয়ের সভাপতি সিয়ং খুমি বলেন, রোয়াংছড়িতে পাঁচটি পাড়ায় ৮১-৮২টি পরিবারসহ জেলার তিনটি উপজেলায় মাত্র আড়াই হাজারের মতো খুমি আদিবাসীর বসবাস রয়েছে। জুমের ফলন কমে যাওয়ায় শুধু রোয়াংছড়ি নয়, জুম চাষনির্ভর প্রায় সব খুমিই কমবেশি জীবিকার সংকটে পড়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সাদেকা হালিম ও খুমি সামাজিক সংগঠন খুমি কুহুংয়ের যৌথ গবেষণায় দেখা যায়, খুমিদের মাসিক আয় সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১৯ হাজার টাকা। গড়ে একটি খুমি পরিবারের মাসিক আয় পার্বত্য চট্টগ্রামের সাধারণ পরিবারগুলোর গড় আয়ের তিন গুণ কম।
দারিদ্র্যের কারণে ৬৫ শতাংশ খুমি শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ে এবং ৮৮ শতাংশ খুমিই নিরক্ষর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ আলতাফ হোসেন বলেন, জুম চাষ অনেক আগে থেকে অলাভজনক হয়ে উঠেছে। এ জন্য অনেকে এখন বিকল্প চাষের দিকে ঝুঁকছেন। উৎপাদন দ্রুত কমে যাওয়ায় শুধু খুমি আদিবাসীরা নয়, হাজার হাজার জুমচাষি পরিবার জীবিকার সংকটে পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন।