জুম্মবি আদামে বেঁচে থাকা দায়
বাঘাইছড়ি উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরের একটি গ্রাম জুম্মবি আদাম। মারিশ্যা-দীঘিনালা সড়ক থেকে ছয় কিলোমিটার দক্ষিণে রূপকারী ইউনিয়নে অবস্থিত এই গ্রামে পাঁচ শতাধিক আদিবাসী পরিবারের বসবাস। আজ থেকে ১৪ বছর আগে পার্বত্য শান্তিচুক্তির পর জায়গাজমি হারানো আদিবাসী লোকজন এই গ্রামে বসবাস শুরু করেন। তবে এখনো এই গ্রামে সড়ক যোগাযোগ তৈরি হয়নি। নেই কোনো বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র। অভাব-অনটন এলাকার বাসিন্দাদের নিত্যসঙ্গী। বন্য পশুর আক্রমণ, ম্যালেরিয়া, ডায়রিয়াসহ রোগ-শোকের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন তাঁরা। জুম্মবি গ্রামের লোকজন অধিকাংশ ভূমিহীন। গ্রামের সবাই নিরক্ষর ও বেকার। গ্রামের ষাটোর্ধ্ব অনিল চাকমা বলেন, ‘আমরা শান্তিচুক্তির পর এখানে বসবাস শুরু করি। কিন্তু এই গ্রামে কোনো সরকারি সাহায্য পৌঁছায় না। গ্রামে রাস্তাঘাট নেই। দুর্গম পথে কলার কাঁদি বহন করে সড়ক পর্যন্ত নিয়ে যেতে হয়। রোগবালাই লেগেই আছে। গত বছর ম্যালেরিয়া ও ডায়রিয়ায় চারজন মারা গেছে’।জানা গেছে, এলাকাবাসীর একমাত্র আয়-রোজগারের পথ কলা চাষ। তবে কলা বাজারে নিয়ে যেতে হয় দুর্গম পাহাড়ি রাস্তা অতিক্রম করে। সম্প্রতি সরেজমিনে জুম্মবি আদামে গিয়ে দেখা গেছে, একেকটি টিলায় একটি করে পরিবারের বসবাস। এক বাড়ি থেকে আরেক বাড়ি যওয়ার কোনো রাস্তা নেই। ১০ থেকে ১৫ জন শিশু খালি গায়ে আঙিনায় খেলছে। তাদেরই একজন আট বছরের সুমন চাকমা। সে বলে, ‘আমাদের লেখাপড়া করতে ইচ্ছে করে। কিন্তু কাছাকাছি কোনো স্কুল নেই। গ্রামের কোনো শিশুই স্কুলে যায় না।’গ্রামবাসী জনপ্রিয় চাকমা বলেন, এ গ্রামে পানীয় জলের তীব্র সংকট। বর্ষা মৌসুমে ছড়া ও ঝরনা থেকে পানি পাওয়া গেলেও শুষ্ক মৌসুমে দুই-তিন কিলোমিটার দূরে গিয়ে পানি আনতে হয়। রাস্তা না থাকায় এক বাড়ি থেকে আরেক বাড়িও যাওয়া যায় না। অসুখ-বিসুখ হলে একমাত্র ভরসা স্থানীয় বৈদ্য (গ্রাম্য চিকিৎসক)।পরুনাময় চাকমা বলেন, জুম্মবি আদামের লোকজন এখন চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকে অর্ধাহারে-অনাহারে রয়েছেন। কারণ বর্ষা মৌসুমে ঠিকমতো বাজারে আসা-যাওয়া করা যায় না। রুপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারদর্শী চাকমা বলেন, ‘জুম্মবি আদামে যাওয়ার কোনো রাস্তা নেই। বরাদ্দ পেলে এই গ্রামের উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে। তবে এখন সেখানে অনেক মানুষ না খেয়ে রয়েছেন বলে জেনেছি।’