জুরাছড়িতে লড়ছেন তিন নারী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটিতে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী মিতা চাকমা
ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটিতে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী মিতা চাকমা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাঙামাটি জেলায় একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী মিতা চাকমা। তিনি জুরাছড়ি উপজেলা সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দুজন পুরুষ প্রার্থীর সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া একই ইউনিয়নে ৩ ও ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আরও দুই নারী প্রার্থী অমর মালা চাকমা ও মিকো চাকমা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলার ৪৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪৮টি ইউনিয়ন পরিষদে আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। সদর ইউনিয়ন পরিষদের ৫ হাজার ৭১১ ভোটারের মধ্যে ২ হাজার ৭৮৬ জন নারী ভোটার আছেন। এ ছাড়া ৪৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১৪৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী মিতা চাকমা।
জুরাছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা স্মৃতিময় চাকমা জানান, মিতা চাকমা জুরাছড়ি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কেনন চাকমা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে সদ্য পদত্যাগী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাপানি বিজয় দেওয়ানের সঙ্গে।
চেয়ারম্যান প্রার্থী মিতা চাকমা জানান, তিনি ২০০৩ সালে সংরক্ষিত নারী আসনে সদস্য নির্বাচিত হয়েছিলেন। তখন দেখেছেন নারী সদস্য ও সাধারণ নারীরা ইউনিয়ন পরিষদে কেমন অবহেলিত। তখন থেকে তাঁর চিন্তাভাবনা ছিল চেয়ারম্যান পদে নির্বাচন করার। নির্বাচিত হলে তিনি নারীদের পুরুষের সমমর্যাদায় কাজের সুযোগ-সুবিধা দেবেন বলে জানান। মিতা চাকমা জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।
একই ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিকো চাকমা। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বকুল চাকমা। মিকো চাকমা বলেন, ‘এটি আমার প্রথম নয়, এটি দ্বিতীয়বারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।’ তিনি জানান, গত মেয়াদের ইউনিয়ন পরিষদের নির্বাচনে তাঁর স্বামী গোপাল চাকমা সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু শপথ গ্রহণের আগে একদল দুর্বৃত্ত তাঁর স্বামীকে হত্যা করে। পরে তিনি ওই আসনে নির্বাচন করে সদস্য হয়েছিলেন।
৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে একজন পুরুষ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন অমর মালা চাকমা। তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। তবে পুরুষদের বঞ্চিত করে নয়। আশা করি, নারী-পুরুষ সবাই আমাকে সমর্থন দেবে।’ ’