রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে দরিদ্র নারীরা নিজেদের উদ্যোগে বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠানে ফলদ ও বনজ গাছ রোপণ করছেন।নারীরা জানান, প্রকল্পের ২০১১-১২ সালের জন্য তালিকাভুক্ত ২৫০ জন নারী দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেন। এ সময় তাঁরা সিদ্ধান্ত নেন প্রকল্পের শেষে সবাই মিলে এমন কাজ করবেন, যেন তা স্থানীয় সাধারণ মানুষের কাজে লাগে। সেই চিন্তা থেকে বৃক্ষরোপণ কর্মসূচির চিন্তার শুরু। ১৯ জুলাই জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিন এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।এ উপলক্ষে বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও মো. হেলাল উদ্দিন নারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ফলদ ও বনজ গাছ রোপণ করে এলাকার যে উপকার করা যাবে, তা অন্য কোনোভাবে করা যাবে না। এ উদ্যোগ এলাকায় অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মোর্শেদুল আলম। উদ্যোক্তা নারীরা জানান, তাঁরা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে ২০১১-১২ সালের গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের জন্য তালিকাভুক্ত হয়েছেন। এ মেয়াদ এখন প্রায় শেষ পর্যায়ে। সে কারণে তাঁরা যৌথভাবে এ উদ্যোগ নিয়েছেন।