জুলদায় হচ্ছে ফার্নেস তেলভিত্তিক ১০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে জুলদায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান বাংলা ট্রেক। এখানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে ফার্নেস অয়েল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী এপ্রিলেই এ প্রকল্পের বিদ্যুৎ জাতীয় গ্রিডলাইনে যোগ হওয়ার কথা। উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিট সাত টাকা ৮৬ পয়সায় সরকারের কাছে বিক্রি করার কথা। তবে এপ্রিলে জাতীয় গ্রিডে বিদ্যুৎসংযোগ দেওয়ার কথা থাকলেও এখনো অবকাঠামো নির্মাণ পুরোপুরি শেষ হয়নি। গত সোমবার সরেজমিন গিয়ে দেখা যায়, পশ্চিম পটিয়ার জুলদা এলাকায় কর্ণফুলীর পাড়ঘেঁষে এ প্রকল্প গড়ে উঠছে। নদীর পাড় থেকে প্রকল্প এলাকা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কে কংক্রিট ঢালাইয়ের (ম্যাকাডাম) কাজ শুরু হয়েছে। তিনটি রিজার্ভারের মধ্যে গতকাল একটির বেজমেন্টের ঢালাই দেওয়া হয়। অন্য দুটির কেবল পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের প্রধান যন্ত্র আটটি জেনারেটর এখনো এসে পৌঁছায়নি। চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চেষ্টা করছে। তবে আমার মনে হয়, এখানে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে মে মাস পর্যন্ত লাগতে পারে। দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যেতে তাদের ওপর সরকারের চাপ রয়েছে। আমি নিজেও ইতিমধ্যে দুবার প্রকল্প এলাকা পরিদর্শন করেছি।’ তবে প্রকল্পের ব্যবস্থাপক বিশ্বজিৎ মজুমদার বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে যন্ত্রপাতি এসে পৌঁছাবে বলে আমরা আশা করছি। জেনারেটর ও অন্য যন্ত্রপাতি এলে স্বল্প সময়ে সংযুক্ত করে উৎপাদনে যাওয়া সম্ভব হবে। তাই আগামী এপ্রিলেই উৎপাদন শুরুর ব্যাপারে আমরা আশাবাদী।’ তিনি আরও বলেন, গত বছরের জুলাইয়ে প্রকল্পের কাজ শুরু হয়। কিন্তু জমি অধিগ্রহণ শেষ করতে নভেম্বর পর্যন্ত লেগে যায়। ফলে শেষদিকে এসে তাড়াহুড়া করতে হচ্ছে। পিডিবি সূত্রে জানা যায়, এখানে উৎপাদিত বিদ্যুৎ পিডিবির জুলদা উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডে যোগ হবে। গরমের মৌসুমে লোডশেডিং সামাল দিতে এ বিদ্যুৎকেন্দ্রে দ্রুত উৎপাদন শুরু করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী মো. নজরুল ইসলাম।প্রকল্পের কর্মকর্তারা বলেন, কর্ণফুলী দিয়ে অয়েল ট্যাংকারের মাধ্যমে ফার্নেস অয়েল আনা হবে। এরপর পাইপ দিয়ে তা সরাসরি ট্যাংকারে মজুদ করা হবে। তিনটি ট্যাংকারের মধ্যে একটি ডিজেল ও অন্য দুটিতে ফার্নেস অয়েল রাখা হবে। এর মধ্যে ডিজেলের ট্যাংকারের আয়তন তিন হাজার কিউবিক মিটার। ফার্নেস অয়েলের প্রতিটি ট্যাংকারের আয়তন পাঁচ হাজার কিউবিক মিটার। এখানে মজুদ করা জ্বালানি দিয়ে একটানা ১৫ দিন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।