আরে বাহ্! জুলিয়ান অ্যাসাঞ্জ কী খেলটাই না দেখালেন। যেনতেন কোনো খেল নয়, একেবারে ফাটাফাটি খেল। ঘটনা হলো, অস্ট্রেলীয় এই ভদ্রলোক উইকিলিকস নামের এক ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের মহা গুরুত্বপূর্ণ সব গোপন তথ্য ফাঁস করে একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। হাজার চেষ্টা করেও কেউ তাঁকে দাবিয়ে রাখতে পারল না। খেল দেখালে এ রকমই দেখানো উচিত। আহা! ভাবতে ভালোই লাগে। এত দিন ধরে গোপন রাখা তথ্যগুলো কী সুন্দর লিকলিকিয়ে লিক করে দিল উইকিলিকস। সত্য কোনোদিনও চাপা থাকে না। সত্যের জয় হবেই। এখানেও তা-ই হয়েছে। তবে এই তথ্য তথ্য নয়, আরও তথ্য আছে। সেগুলো ফাঁস করাও খুব জরুরি। বাংলাদেশের কথাই ধরা যাক। বাঘ-হরিণের অভয়ারণ্য হওয়ার কথা থাকলেও আমাদের এই মনমাতানো দেশ হয়েছে গোপন তথ্যের অভয়ারণ্য। বিভিন্ন মন্ত্রণালয়ে কত তথ্য যে ফাইলবন্দী হয়ে আটকে আছে, তার নাই ঠিক। তা ছাড়া বিভিন্ন সময়ে গঠিত হয়েছে এক বা একাধিক সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। এসব কমিটি এতটাই উচ্চপর্যায়ের যে আজ পর্যন্ত কোনো তদন্তের রিপোর্ট প্রকাশ করতে পারেনি। অথচ এসব রিপোর্ট প্রকাশিত হলে দেশের আপামর জনগণ ব্যাপক উপকৃত হতো। প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার থাকলেও আমাদের দেশের মানুষ অধিকাংশ তথ্যই জানতে পারে না। খুবই আফসোসের ব্যাপার! দেশের জন্য কে কত লিটার রক্ত ঢেলেছে, উন্নতির জোয়ারে কে কতটা ভাসিয়েছে তা শুধু মুখের কথাতেই বিশ্বাস করতে হয়। কী দরকার, উইকিলিকিস আছে না? তারা সব গোপন তথ্য প্রকাশ করে দিলেই তো ল্যাঠা চুকে যায়। অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অনতিবিলম্বে উইকিলিকসকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো। কারণ, এসব গোপন তথ্য ফাঁস করার ক্ষমতা একমাত্র উইকিলিকসেরই আছে। আশা করি জুলিয়ান অ্যাসাঞ্জ তাঁর বাহিনী নিয়ে বাংলাদেশের গোপন তথ্যগুলো প্রকাশ করে জনগণের মনের আশা পূরণ করবেন। তবে আমার কিছু গোপন তথ্য আছে, সেগুলো ফাঁস না করলেই হয়।