জেএসএসের বিক্ষোভ, প্রশাসনের শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তির ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় প্রশাসন শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে। অন্যদিকে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) পক্ষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
জেএসএস (এমএন লারমা): পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে জেএসএসের (এমএন লারমা) উদ্যোগে লারমা স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর জেএসএস কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেএসএসের সহসভাপতি লোচন দেওয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক প্রফুল্ল কুমার চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, জেলা কমিটির তথ্য ও প্রচার সম্পাদক প্রীতি খীসা, যুব সমিতির সভাপতি সমীর চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জ্ঞান চাকমা, উপজেলা পিসিপির সাধারণ সম্পাদক আশীষ চাকমা, কলেজ শাখার সভাপতি প্রভাত চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চুক্তি সইয়ের ১৭ বছরেও চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হয়নি। চুক্তির শর্ত মোতাবেক পার্বত্য জেলা পরিষদের নির্বাচন দেওয়া হয়নি। ভূমি বিরোধ নিষ্পত্তি করা হয়নি। ১৯৬০ সাল থেকে জুম্ম জনগণ শুধু প্রতারণার শিকার হয়ে আসছে। বক্তারা অবিলম্বে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ভূমি বিরোধ নিষ্পত্তি ও পার্বত্য জেলা পরিষদের নির্বাচন দেওয়ার দাবি জানান।
প্রশাসন: উপজেলা প্রশাসন ও দীঘিনালা সেনা জোনের উদ্যোগে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চিরন্তন অ্যাটাশের অধিনায়ক লে. কর্নেল মো. লোকমান আলী, ৩১ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক আহসান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন, শরণার্থী নেতা আনন্দ মোহন চাকমা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, চন্দ্র রঞ্জন চাকমা, সুগতপ্রিয় চাকমা প্রমুখ। বক্তারা বলেন, পার্বত্য চুক্তির ফলে পাহাড়ের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে। মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে। সব সম্প্রদায়ের মধ্যে রচিত হয়েছে মৈত্রীর বন্ধন।