জেএসসি ও প্রাথমিকে বড় প্রতিষ্ঠানের ফলাফল হতাশাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলায় জেএসসি পরীক্ষায় বড় ও প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফল এবার খারাপ হয়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানসহ উপজেলা প্রশাসন ও শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা ও অভিভাবকেরা। এ ব্যাপারে সব পক্ষের মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত বছর কাপ্তাইয়ের ১২টি উচ্চবিদ্যালয় ও দুটি মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ছিল এক হাজার ২০৩ জন। পাসের হার ছিল ৬১ দশমিক ৩৫। মোট জিপিএ-৫ পেয়েছিল ২৫ জন। এবার পরীক্ষার্থী কমে হয়েছে ১১৪৭ জন। জিপিএ-৫ দুই জন বেড়ে হয়েছে ২৭ জন। তবে এবার এলাকার প্রতিষ্ঠিত বিদ্যালয় হিসেবে পরিচিত কর্ণফুলী কাগজ কল (কেপিএম) উচ্চবিদ্যালয় এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয়ের ফলাফল হয়েছে গতবারের তুলনায় খারাপ। এবার কেপিএম উচ্চবিদ্যালয় থেকে ২০৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৫১ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। গত বছর ২০৯ জন পরীক্ষা দিয়ে ১৮০ জন পাস এবং ১৯ জন জিপিএ-৫ পেয়েছিল। এবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয়ের ৭১ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। কিন্তু গত বছর পাঁচ জন জিপিএ-৫ পেলেও এবার কেউ তা পায়নি। পাসের হার কমে যাওয়ায় হতাশা ও অসন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. আবদুর রহমান কেপিএম উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ এ বি এম আনোয়ারুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ জালাল।আনোয়ারুল ইসলাম ফলাফল খারাপ হওয়ার কারণ হিসেবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করেন। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি এবং পাঠে অমনোযোগিতা সম্পর্কে শিক্ষকদের উদাসীনতার কারণে শিক্ষার্থীরা খারাপ করছে। কাপ্তাই বিএন উচ্চবিদ্যালয় থেকে ৫০ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১১ জন। ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের অধ্যক্ষ জি কিউ খানসহ অন্য শিক্ষকেরা। এদিকে কাপ্তাই উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৪৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। কাপ্তাই বিএন উচ্চবিদ্যালয় থেকে ১৯ জন এবং কর্ণফুলী শিশু বিদ্যালয় থেকে ১৩ জন জিপিএ-৫ পেয়েছে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম রুহুল আমিন সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেন।