জেএসসিতে নগর, পিএসসিতে গ্রাম এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক অস্থিরতায় বারবার পিছিয়েছে পরীক্ষা। তার পরও ভালো ফল। তাই বাঁধনহারা উচ্ছ্বাস ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের পিএসসি ও জেএসসি শিক্ষার্থীদের  সৌরভ দাশ
রাজনৈতিক অস্থিরতায় বারবার পিছিয়েছে পরীক্ষা। তার পরও ভালো ফল। তাই বাঁধনহারা উচ্ছ্বাস ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের পিএসসি ও জেএসসি শিক্ষার্থীদের সৌরভ দাশ

মেধাতালিকা ও পাসের হার বিবেচনায় এবার জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় নগর এবং পিএসসিতে (প্রাইমারি স্কুল সার্টিফিকেট-প্রাথমিক শিক্ষা সমাপনী) গ্রামের বিদ্যালয়গুলোর প্রাধান্য ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া, দুটি পরীক্ষাতেই গতবারের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে।
গত ২৯ ডিসেম্বর জেএসসি এবং ৩০ ডিসেম্বর পিএসসির প্রকাশিত ফলাফলে এমন চিত্রই ফুটে উঠেছে।
এবারের জেএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হার ও শতভাগ পাসের দিক থেকে শীর্ষে রয়েছে নগরের সরকারি-বেসরকারি এবং সিটি করপোরেশন পরিচালিত বিদ্যালয়গুলো। এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে উপজেলা বা গ্রাম পর্যায়ের বিদ্যালয়গুলো।
এবার জেএসসিতে বোর্ডের সেরা ২০ বিদ্যালয়ের তালিকায় ফৌজদারহাট ক্যাডেট স্কুল ছাড়া ১৬টিই হচ্ছে নগরের। বাকি তিনটি বিদ্যালয় নগরের বাইরের। এগুলো হচ্ছে, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চকরিয়া কোরক বিদ্যাপীঠ ও বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
সিটি করপোরেশনের পাঁচটি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এগুলো হলো অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, কৃষ্ণ কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, বাগমনিরাম সিরাজ খাতুন সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, হালিশহর আলহাজ মহব্বত আলী সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় ও সরাইপাড়া সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় (দিবা শাখা)।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, গ্রামের বিদ্যালয়গুলো আগের তুলনায় ক্রমশ ভালো ফল করলেও শহরের তুলনায় খানিকটা পিছিয়ে রয়েছে। কারণ, সেখানে এখনো উপযুক্ত শিক্ষকের ঘাটতি রয়েছে। তা ছাড়া সেখানকার পরিবেশও পুরোপুুরি শিক্ষাবান্ধব নয়। শহরের ছেলেমেয়েরা যেসব সুযোগ-সুবিধা পাচ্ছে, এক অর্থে সেসব সুযোগ থেকে গ্রামের শিক্ষার্থীরা বঞ্চিত।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, অবকাঠামোগত সমস্যার কারণে তিন পার্বত্য জেলার শিক্ষার্থীরা এগিয়ে আসতে পারছে না। এসব অঞ্চলের শিক্ষার্থীদের দীর্ঘ পথ হেঁটে বিদ্যালয়ে যেতে হয়। ফলে তারাও পিছিয়ে রয়েছে।
পিএসসি: জেলার অধীনে ছয়টি থানা এবং ১৪ উপজেলার মধ্যে পাসের হারের দিক দিয়ে এগিয়ে রয়েছে গ্রামের বিদ্যালয়গুলো। প্রথম থেকে তৃতীয় স্থান দখল করেছে যথাক্রমে চন্দনাইশ (পাসের হার ৯৯ দশমিক ৯৮), রাঙ্গুনিয়া (৯৯ দশমিক ৯০) ও মিরসরাই (৯৯ দশমিক ৬৪) উপজেলা। পঞ্চম স্থানে রয়েছে বোয়ালখালী (৯৯ দশমিক ৩৯), ষষ্ঠ স্থানে সীতাকুণ্ড (৯৯ দশমিক ৩১), নবম স্থানে রাউজান (৯৯ দশমিক ০৭) এবং দশম স্থানে সন্দ্বীপ ও আনোয়ারা (৯৮ দশমিক ৭৬) উপজেলা।

উচ্ছ্বসিত চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের পিএসসির কৃতী শিক্ষার্থীরা  প্রথম আলো
উচ্ছ্বসিত চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের পিএসসির কৃতী শিক্ষার্থীরা প্রথম আলো

অপর দিকে, চতুর্থ স্থানে নগরের পাহাড়তলী (৯৯ দশমিক ৫৮), সপ্তম স্থানে ডবলমুরিং (৯৯ দশমিক ২৯) এবং অষ্টম স্থানে রয়েছে বন্দর (৯৯ দশমিক ০৯) থানা।
জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, গ্রাম অথবা উপজেলা পর্যায়ের বিদ্যালয়গুলোর ভালো ফলের কারণ, ওসব এলাকায় সরকারি বিদ্যালয়ের সংখ্যা বেশি। সাম্প্রতিক নিয়োগ পাওয়া বেশির ভাগ যোগ্য শিক্ষকও সেখানে কাজ করছেন। নগরের সাধারণ মানের কিন্ডার গার্টেন বা অন্যান্য সরকারি বিদ্যালয়ে উপযুক্ত শিক্ষকের ঘাটতি রয়েছে।