জেএসসির উত্তরপত্র মূল্যায়নে ভুল কমেছে!
জেএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য চট্টগ্রাম বোর্ডে এবার প্রায় দেড় হাজার পরীক্ষার্থীর আবেদন জমা পড়েছে। অথচ গত বছর পুনর্নিরীক্ষণের জন্য আবেদন জমা পড়েছিল চার হাজার। চট্টগ্রাম বোর্ডের সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের দাবি, উত্তরপত্র যথাযথ মূল্যায়ন হওয়ায় ভুলের হার কমেছে।চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত এ ব্যাপারে বলেন, ‘প্রতিবারই আমরা শিক্ষকদের সতর্ক করি, যেন তাঁরা উত্তরপত্র যত্নের সঙ্গে মূল্যায়ন করেন। এ জন্য ভুলের হার কমেছে। এখন উত্তরপত্র পুনর্নিরীক্ষণের কাজ চলছে। ২৮ জানুয়ারির মধ্যে আমরা ফলাফল জানাতে পারব, আশা করছি।’ তবে পরীক্ষা নিয়ন্ত্রকের এই সাফল্যের দাবির সঙ্গে ভিন্নমত পোষণ করলেন নগরের বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা। তাঁদের দাবি, উত্তরপত্র মূল্যায়নে ত্রুটির কারণে আশানুরূপ ফলাফল পায়নি বহু শিক্ষার্থী। মো. আবদুল হাই নামের একজন অভিভাবক অভিযোগ করে বলেন, ‘আমরা প্রতিবারই দেখি, ছেলেমেয়েদের নম্বর বণ্টনে এ ধরনের ভুলভ্রান্তি হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষকেরা মনোযোগী হলে আমাদের অহেতুক ভোগান্তিতে পড়তে হয় না।’ বোর্ড সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর জেএসসির ফলাফল প্রকাশিত হওয়ার পর মুঠোফোনের মাধ্যমে শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। ৩ জানুয়ারি ছিল আবেদন জমা দেওয়ার শেষ দিন।এ বছর এক হাজার ৬৪৬ জন পরীক্ষার্থী দুই হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জানিয়েছে। এর মধ্যে বাংলা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ৭৩৬টি, ইংরেজির জন্য ৩৯৮টি, গণিতের জন্য ৩৫৬টি, ইসলাম ধর্ম শিক্ষার জন্য ১১৮টি, হিন্দুধর্ম শিক্ষার জন্য ২৫টি, বৌদ্ধধর্ম শিক্ষার জন্য দুটি, সাধারণ বিজ্ঞানের জন্য ৪৭৩টি, গার্হস্থ্য অর্থনীতির জন্য ৬৪টি, কৃষিশিক্ষার জন্য ২৮৯টি, সামাজিক বিজ্ঞানের জন্য দুটি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উত্তরপত্র নিরীক্ষণের জন্য ২৯৯টি আবেদন পাওয়া যায়। উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে কয়েকটি বিষয় খতিয়ে দেখা হয়। এগুলো হলো, সব প্রশ্নের উত্তরের বিপরীতে যথাযথভাবে নম্বর দেওয়া হয়েছি কি না কিংবা উত্তরপত্র থেকে নম্বর ফর্দে নম্বর তুলতে ভুল হয়েছে কি না ইত্যাদি। পুনর্নিরীক্ষণের পর যাদের গ্রেডে পরিবর্তন হবে শুধু তাদের ফলাফল পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশের নিয়ম রয়েছে। বোর্ড সূত্রে জানা যায়, জেএসসিতে চট্টগ্রাম বোর্ডে এবার পাসের হার ৭৮ দশমিক ৩৫। গতবার যা ছিল ৭২ দশমিক ৬৬। এ বছর মহানগরে পাসের হার ৮৫ দশমিক ১৭। মহানগর বাদে চট্টগ্রাম জেলার পাসের হার ৭৫ দশমিক ৭৭ ও মহানগরসহ মহানগর চট্টগ্রাম জেলার পাসের হার ৭৮ দশমিক ৮৭।