জেগে আছে ছাতিমতলা
বসন্ত এল দ্রোহের গানে। ভালোবাসার দিনে ছিল তরুণ-তরুণীর মুষ্টিবদ্ধ হাতের দৃপ্ত শপথ। তরুণীর মাথায় ছিল না ফুলের মুকুট। তার বদলে কপালে বাঁধা স্লোগান লেখা ব্যান্ড। তরুণের রংচটা জিনসের কোমরে বাঁধা শার্ট। বুকে লেখা স্লোগান: ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘জয় বাংলা’। অবিরাম গানে-স্লোগানে হাজারো কণ্ঠের প্রকম্পন। সব ভুলে রাজপথে তাঁরা। প্রতিবাদে ভোর, রাত নামে স্লোগানে, আবার নতুন দিন।প্রতিদিন দুপুরের পর জামালখানে ভিড় বাড়ে। সব বয়সীর গন্তব্য হয়ে ওঠে প্রেসক্লাবের ছাতিমতলার গণজাগরণ মঞ্চ। শিল্পীর কণ্ঠে জাগরণের গান কাঁপন তোলে মনে: ‘আমারই এ দেশ সব মানুষের...’। সুরের প্রতিবাদে ছিন্ন হয় সাম্প্রদায়িকতার জাল।টানা ১১ দিন। তবু ক্লান্তিহীন পদচারণ। জেগে আছে ছাতিমতলা। শুধু কি ছাতিমতলা। জামালখান থেকে চেরাগী পাহাড়ের মোড় হয়ে উঠেছে অন্য রকম বাংলাদেশ। যেন একাত্তরের মুক্তাঙ্গন। এতগুলো মানুষ একসঙ্গে এত দিন। অথচ কারও সঙ্গে কারও বসচা নেই। পাউরুটি, বিস্কুট থেকে সব খাবারে ভাগাভাগি। এ যেন ২০১৩-তে ফিরে এল ১৯৭১। এখানে সবার অবাধ, নির্ভয় বিচরণ। মুক্তিযোদ্ধার কাছে যুদ্ধদিনের স্মৃতি। তারুণ্যের কণ্ঠে নতুন মুক্তিযুদ্ধের বারুদ। কেউ স্বদেশের মানচিত্রে জ্বালান চেতনার প্রদীপ। কারও হাতে পতাকা। কেউ পুড়ছেন রাজাকারের কুশপুত্তলিকা। রাজপথ হয়ে উঠেছে শিল্পীর ক্যানভাস। নতুন সূর্য আজ পূর্ব দিগন্তে।হুইল চেয়ারে চড়ে গণজাগরণ মঞ্চে এসেছিলেন ব্লগার সাবরিনা সুলতানা। দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করলেন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি। তিনি বললেন, ‘আমি এসেছি প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে। তারুণ্যের আন্দোলনে আমরাও একাত্ম। চেতনার আলোর প্রদীপে ঘুচে যাবে অন্ধকার। তাই শান্তিপূর্ণ আন্দোলনে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকতে হবে।’বাদুরতলা আরকান হাউজিং সোসাইটি থেকে এসেছেন শিক্ষিকা শাহনাজ শারমিন। তাঁর সঙ্গে মেয়ে নাফিসা মালিয়াত। নাফিসার বয়স বড়জোড় পাঁচ কি ছয়। মাথায় বেঁধেছে ব্যান্ড। তাতে লেখা: রাজাকারের ফাঁসি চাই। হাতে পতাকা। ভিড় ঠেলে প্রেসক্লাব চত্বরে বসে মায়ের কণ্ঠে কণ্ঠ মেলানোর চেষ্টা তার। নাসিফার মতো এসেছে আরও অনেকে।নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে শিক্ষিকা শাহনাজ বলেন, ‘আমাদের সবার উচিত ছেলেমেয়েদের অন্তত একবার হলেও প্রেসক্লাবে ঘুরিয়ে নেওয়া। তাদের মনে এখনই জ্বালাতে হবে দেশপ্রেমের প্রদীপ।’প্রতিবাদী তারুণ্য বের করেছে বুলেটিন গণরায়, রাজপথ। এসব বুলেটিনের অক্ষরে অক্ষরে ফুটে উঠেছে তারুণ্যের প্রতি সংহতি, অভিবাদন। কলমের ফিনকিতে বেরিয়েছে প্রতিবাদের আগুন। গেয়েছেন রাজাকারমুক্ত স্বদেশের জয়গান। বেরিয়েছে ছড়া-কবিতার পুস্তিকা: আমরা করব জয়, খোকা রেগেছে, পাড়া জেগেছে। এসবের পাতায়ও প্রতিধ্বনিত হয়েছে প্রতিবাদ আর রাজাকারের প্রতি ঘৃণা।