জেগে উঠুক মা
সংজ্ঞাহীন পড়ে আছেন মা। পাশে দুই বছরের শিশু। গাড়ির ধাক্কায় যখন মা ছিটকে পড়েছিলেন রাস্তায়, তখন শিশুটি ছিল মায়ের কোলে। ৩০ জুলাই থেকে মা পড়ে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মায়ের সংজ্ঞা ফিরে আসেনি।খবরটি বেরিয়েছে ৯ আগস্ট প্রথম আলোর সারা দেশ পাতায়। ওদের পরিচয় জানা যায়নি। আমাদের প্রতিবেদক তেজগাঁওয়ের কলোনিবাজারে গিয়ে খোঁজও নিয়ে এসেছেন। দুই বছর ধরে নাকি ওরা বাস করছিল এই এলাকায়। এখন দুজনের আবাস হাসপাতালে।শিশুটি নাকি খেলছে। মায়ের দুধ খাচ্ছে। ঘুমাচ্ছে মায়ের পাশেই। কী ঘটেছে, তা বোঝার বয়স হয়নি ওর। এ বয়সে কেউই তা বোঝে না। জেগে উঠুক মা, মায়ের বুকে ঠাঁই হোক শিশুটির, আদরে আদরে ভরে উঠুক ওর ছোট্ট শরীর, সেটাই তো আশা করি আমরা। তবে যে কারণে মা এখন সংজ্ঞাহীন, যে কারণে শিশুটি অসহায়, সে বিষয়টি নিয়ে একটু কথা বলা দরকার।ঢাকা মহানগরের রাস্তায় যেভাবে গাড়ি চলে, তাতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। বিশেষ করে, যেকোনো সময় লেন পরিবর্তন করে এগিয়ে আসতে পারে যন্ত্রদানব। ট্রাফিক আইন না মানার প্রতিযোগিতাও নতুন কিছু নয়। তাই সড়ক দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছেই। অন্যদিকে পথচারীদের একটি বড় অংশও রাস্তা পার হওয়ার সময় নিয়ম মানে না। গাড়িচালক আর পথচারী—দুই পক্ষের মধ্যেই সচেতনতা না বাড়লে সড়ক দুর্ঘটনা ঘটতেই থাকবে। নাম না-জানা শিশুটির (যদিও হাসপাতালে ওর নাম হয়েছে রুপালি) মতো অনেকেরই প্রিয়জন থাকবে জীবন-মৃত্যুর সীমানায় কিংবা কেউ জীবন হারাবে বা সারা জীবনের জন্য হয়ে যাবে পঙ্গু।সে অবস্থা যেন না হয়, সেটাই তো আমাদের প্রত্যাশা। জা. রে. নূ.