জেট বিমান
বিশাল জেট বিমান দাঁড়িয়ে আছে সামনে। আমি দাঁড়িয়ে দেখতে লাগলাম। কিছু দূরে বসে থাকা একজনকে জিজ্ঞেস করলাম কীভাবে চালাতে হয়। আমাকে সব কটি সুইচ টিপতে বলা হলো। আমি কিছুটা অবাক হলাম। পেছনে ফিরে মা-বাবা ও ভাইকে একবার দেখে নিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেলাম ককপিটে। ভেতরে অনেক সুইচ। সামনে একটি হ্যান্ডেলও আছে। এটি দিয়ে ওপরে-নিচে যেতে হয় জানতাম। আমি একে একে সব কটি সুইচ অন করে দিতে লাগলাম। আর মাত্র কয়েকটি সুইচ বাকি। উত্তেজনায় আমার বুক ধুকধুক করতে লাগল। বাইরে তাকিয়ে শেষবারের মতো দেখে নিলাম মা-বাবা ও ভাইয়ের মুখ। অন করে দিলাম শেষ সুইচটিও। দ্রুত তাকালাম সামনের দিকে। আশ্চর্য, প্লেন সামনের দিকে যাচ্ছে না কেন? জানালা দিয়ে দেখলাম আম্মু, ভাইয়া এমনকি আব্বুও হাসছে। ভাইয়া চিৎকার করে বলল, ‘প্লেন আর কতক্ষণ উড়াবি, নেমে আয়।’ ছোটবেলা একবার ঢাকা শিশুপার্কে ঘটেছিল এই মজার ঘটনা। সেদিন প্লেন থেকে নেমে আসতে আসতে ক্ষোভে-দুঃখে আমি নাকি বলছিলাম, ‘একদিন আমি সত্যিকারের প্লেন ওড়াবই ওড়াব।’মো. মেজাউর রহমানচট্টগ্রাম।