জেটি ঘাট খননসহ আট দফা দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী-কক্সবাজার পারাপারের জেটি ঘাট খননসহ আট দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে মহেশখালী পৌরসভা সিটিজেন ফোরাম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১৯ এপ্রিল মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালামের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, মহেশখালী-কক্সবাজার পারাপারে জেটি ঘাট খনন না হওয়ায় যাত্রীদের ভোগান্তির শেষ নেই। ভাটার সময় কাদা মাড়িয়ে নৌকায় উঠতে হয়। জেটিঘাটে যাত্রীদের বসার জন্য নেই কোনো যাত্রীছাউনি ও শৌচাগার। ফলে যাত্রীদের ভোগান্তির অন্ত নেই।
এ ছাড়া মালামালের টোল নেওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত নিয়ম মানা হচ্ছে না। অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। তাই যাত্রীদের দুই জেটিঘাটে মালামালের জন্য নির্ধারিত টোলের তালিকা টাঙানোর দাবি জানানো হয়।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন মহেশখালী পৌরসভা সিটিজেন ফোরামের সাংগঠনিক সম্পাদক আবুল বশর, হোয়ানক কলেজের অধ্যক্ষ সুধীর চন্দ্র দে, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা মকবুল আহমদ, এস এম একবাল হোসেন, নাছির উল্লাহ খান প্রমুখ।