বঁটি ধরেন না, যদি আঙুল কেটে যায়! আগুনের কাছে যান না, যদি হাত পুড়ে যায়! সাবধানে হাঁটেন, যদি ব্যথা লাগে! আইসক্রিম কম খান, যদি ঠান্ডা লেগে যায়!ছোটবেলার দুরন্ত মেয়ে এখন চলাফেরা করেন অনেক হিসাব কষে। নিজেই বোঝেন, তাঁর দিকে তাকিয়ে আছে দেশের ক্রীড়াঙ্গন। দক্ষিণ এশীয় গেমসে দলীয় ও ব্যক্তিগত সোনা জিতেছেন, কমনওয়েলথ শ্যুটিংয়ে দলীয় সোনা আর ব্যক্তিগত রুপা—শ্যুটার শারমিন আক্তার (রত্না) বুঝতে পারছেন দশ মিটার এয়ার রাইফেলে তাঁকে যেতে হবে বহু দূর। আর তাই নিজের প্রতি এত যত্ন!ছোটবেলায় ছিলেন ঠিক উল্টো। পুকুরপাড়ে গাছ থেকে পড়ে পা মচকে গেল। কবিরাজ এনে ঝাড়ফুঁক...। কাছাকাছি বয়সের খালাদের সঙ্গে খেলাধুলা। স্কুলে বৌচি, কানামাছি...। সেই ছোট্ট মেয়ে আজ দেশের গোটা ক্রীড়াঙ্গনেরই আশার আলো।সেই আলোয় নিজেকে উদ্ভাসিত করতে চান ২০১২ অলিম্পিকে পদক জিতে। ‘আগামী অলিম্পিকে পদক জিতে আমি ইতিহাস গড়তে চাই’—বললেন ‘সোনার মেয়ে’। বাংলাদেশের কোনো ক্রীড়াবিদ অলিম্পিকে পদক জিতেছেন! এখনো অকল্পনীয় ব্যাপার। তবে নিজের ক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা আছে যাঁর, তিনি এমন দুঃসাহসী স্বপ্ন দেখতেই পারেন।আছে ভিন্ন চিন্তাও। ‘সামনের অলিম্পিকে আশা পূরণ না হলে ২০১৬ পর্যন্ত দেখব। যদি মনে হয় আমি পারব না, তাহলে খেলা ছাড়ব। ২০১২ অলিম্পিকে স্বপ্ন পূরণ হলে সংসার শুরু করে দেব। ছেলেমেয়ে মানুষ করব। অনেক দিন ধরে ইচ্ছা, খেলা ছেড়ে সংসার করব’—এখানে আর দশটা বাঙালি মেয়ের মতোই তাঁর চাওয়া।হবেই তো, বিয়ে করেছেন যে পাঁচ বছর আগে। বর খালাতো ভাই মোহাইমেনুল কারনাইন কাকন, যিনি স্নাতক শেষ করলেন কেবল। তাঁর নিজের অলিম্পিক স্বপ্নপূরণ আর স্বামীর উঠে দাঁড়ানো—এই সমীকরণ নিয়েই এখন এগোচ্ছেন ‘খেলার মাঠে’র মেধাবী তরুণী।এই ‘খেলার মাঠে’ তাঁর আসা ঘটনাক্রমে। নিজেই বলেন, ‘জাস্ট স্কুল ফাঁকি দেওয়ার জন্য।’ বাবা সেনাবাহিনীর সদস্য রফিকুল ইসলাম (এখন সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে অবসরে) চাকরিসূত্রে সাভার ক্যান্টনমেন্টে থাকার সময় সেখানকার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়তেন। সাভার শ্যুটিং ক্লাবে অনূর্ধ্ব-১৫ শ্যুটারের দরকার পড়ল। ‘স্যাররা একদিন বললেন, চলো, যাবে নাকি? ব্যস, গেলাম এবং শুরু হয়ে গেল’—নিজের শুরুটা এভাবে বর্ণনা করলেন মাগুরার বরই সীতারামপুর গ্রামের মেয়ে।তারপর? আন্তক্লাব শ্যুটিংয়ের জন্য শ্যুটার বাছাই পরীক্ষায় নামলেন। ১০২-এর মতো জ্বর নিয়ে ৩০টা শটে ৩০০-তে ২৩৭ স্কোর। ‘ওটা দেখে ভাইয়ারা খুশি হয়ে বললেন, ভালোই তো মারছ’—নিজের উত্থানের গল্পটা বলে যান সে সময়ের দশম শ্রেণীর ছাত্রী।লেখাপড়ায় ততটা মনোযোগ ছিল না কখনো। তবে শ্যুটিংয়ে তিনি ক্লাসের সেরা ছাত্রীর মতো!তারই প্রথম প্রমাণ—শুরুতেই জুনিয়রে সোনা। ২০০৬ এসএ গেমসের ট্রায়ালে ৮৩, ৮৪, ৮৫ স্কোর করে চতুর্থ। সিনিয়র শ্যুটার সাবরিনা সুলতানার তিনটি স্কোরই ৮৫ হওয়ায় বাদ। সেই শারমিনের কাছে ২০০৯ সালটা ‘লাকি ইয়ার’। জাতীয় প্রতিযোগিতায় রেকর্ড স্কোর ৪০০-তে ৩৯৪। দক্ষিণ এশীয় শ্যুটিংয়েও ৩৯৪। কাতারে এশিয়ান এয়ারগানে ৩৯৫। এগুলো তাঁর এগিয়ে আসারই নীরব ঘোষণা ছিল!‘এসএ গেমসে সোনা জিতব’...২০০৮ থেকে বলে এসেছেন। এটা শুনে অনেকেই তাঁকে বলেছে, ‘কি রে তুই গোল্ড নিবি, নে...। আগে বলার কী আছে। যদি না পাস...।’ শারমিন বলেছিলেন, ‘ইচ্ছা প্রকাশ না করলে আমি তো পাব না কিছুই। তাই সবসময় বলতাম...সাফে গোল্ড নেব।’ ক্যারিয়ারসেরা ৩৯৮ স্কোর করে নিজের কথা রেখেছেন শারমিন।পেছনে তাকালে তিনি নিজেই এখন অবাক হন। ছোটবেলায় ছিলেন গল্পের বইয়ের পোকা। একবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার সময় পাঠ্যবই না পড়ে গল্পের বই পড়ছিলেন। দেখে এক বান্ধবীর বিস্ময়, ‘তুমি পাগল জানতাম, এমন পাগল তা তো জানতাম না!’জেদও কী কম? মায়ের অনিচ্ছাকে হারিয়ে দিয়ে শ্যুটিংয়ে আসা জেদের বশেই। একেবারেই ছোট্ট যখন, বাবা-মাকে চাপ দিয়ে আদায় করেছেন ব্যাডমিন্টন র্যাকেট। আরেকটি তথ্য—‘টিয়া পাখি নিয়ে যাচ্ছে বাসার সামনে দিয়ে। আম্মুকে বললাম, টিয়া পাখি দাও। দিতেই হবে...। পরে অনেক কষ্ট করে টিয়া পাখি কিনে দিতে হয়েছে’—ছোটবেলার কথা মনে করে এখন শুধুই হাসেন শারমিন।এখনো জেদ আছে। তবে তা স্বামীর কাছে, ‘আজ ও ঝিনাইদহ (ওদের বাড়ি) গেল। আমি জেদ ধরলাম কালকেই আবার আসতে হবে ঢাকায়। বেচারা...আসতেই হয়’—বলেই হাসছিলেন।তাঁকে নিয়ে এখন গ্রামের মানুষের অনেক কৌতূহল, ‘আচ্ছা তুমি যে সোনা জিতছ, কয় ভরি জিতছ। অনেক বড়লোক হয়ে গেছ...।’ বড়লোক! এসব নিয়ে ভাবার মেয়ে নন শারমিন। ভাবেন শুধু খেলা নিয়ে। নিজের খেলার বাইরে ক্রিকেট দেখেন। শচীন টেন্ডুলকার আউট না হওয়া পর্যন্ত বসে থাকেন টিভির সামনে। তবে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট দেখে বিরক্ত সাকিবের জেলার নতুন ক্রীড়া তারকা, ‘এগুলো কোনো খেলা? ওরা মারে না কেন? ওদের কি জেদ কম।’খেলা নিয়ে যাঁর এমন দর্শন, অলিম্পিক পদকের স্বপ্ন দেখা তো তাঁরই মানায়!