জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশি হাজিরা দুর্ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেদ্দা বিমানবন্দরের হজ টার্মিনাল
জেদ্দা বিমানবন্দরের হজ টার্মিনাল

হজ পালন শেষে জেদ্দা থেকে বাংলাদেশে ফেরার সময় বাংলাদেশ বিমানের সময়সূচি ঠিক না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বাংলাদেশি হাজিরা। গতকাল ১১ অক্টোবর রাতে জেদ্দা বিমানবন্দরে গিয়ে দেখা যায় বাংলাদেশি হাজিরা ইমিগ্রেশনের অপেক্ষায় আছেন। তাঁরা বেশির ভাগ দুপুরে এসেছেন। বিমান ছাড়ার নির্ধারিত সময় ছিল রাত নয়টায়। বিমানবন্দরে উপস্থিত হওয়ার পর তাঁদের জানানো হয় বিমান রাত ১১টায় (স্থানীয় সময়) যাত্রা করবে। কিন্তু রাত ১১টায়ও তাঁদের ইমিগ্রেশন কার্যক্রম শুরু হয়নি।
বিমানবন্দরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নাহীন আহমেদ মমতাজী জানালেন, রাত নয়টার বিজি ৮০২০ ফ্লাইটে ঢাকা যাওয়ার উদ্দেশে তিনি বেলা দুইটার দিকে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। আসার পরে তাঁকে জানানো হয়েছে রাত ১১টার আগে বিমান ছাড়বে না।
মমতাজী বললেন, ‘আমাদের ইমিগ্রেশন এখনো শুরু হয়নি। আট-নয় ঘণ্টা ধরে আমাদের বসে আছি।’ আরও বললেন, ‘হজ অফিসে কর্তাব্যক্তিরা এসি রুমে বসে আরাম করছেন। তাঁরা আমাদের খবর নিচ্ছেন না। আর আমরা মেঝেতে বসে বা শুয়ে আছি। এখানে এসি-ফ্যান নাই। খাবারও নাই। খাবারের অভাবে আমাদের চরম কষ্ট পোহাতে হচ্ছে।’

জেদ্দা বিমানবন্দরের হজ টার্মিনাল
জেদ্দা বিমানবন্দরের হজ টার্মিনাল


ঢাকার নবাবগঞ্জের আবদুল হামিদ জানালেন, বিমানবন্দরে কর্তব্যরত বিমানকর্মীরা কেউ ফ্লাইটের বিষয়ে সঠিক কোনো তথ্য বলছেন না। অনেক কষ্টে বিমানের কান্ট্রি ম্যানেজারের মোবাইল নম্বর সংগ্রহ করে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু তিনি ফোন ধরেননি।
এ ব্যাপারে এই প্রতিবেদক কথা বলেন বিমানকর্মীদের সঙ্গে। তাঁরা রাত ১১টা পর্যন্ত বিজি ৮০২০ ফ্লাইট ছাড়ার বিষয়ে সঠিক কোনো তথ্য জানাতে পারেননি। এ বিষয়ে জানতে বাংলাদেশ বিমানের জেদ্দার স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। কান্ট্রি ম্যানেজারের মোবাইল ফোনে বেশ কিছুক্ষণ চেষ্টা করলে তাঁর ফোনও ব্যস্ত পাওয়া যায়। ফলে তাঁদের কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।
বাহার উদ্দিন বকুল
জেদ্দা, সৌদি আরব।