জেদ্দার বিমান অফিসে ফিরতি হজযাত্রীদের বিড়ম্বনা

জরুরি প্রয়োজনে পূর্বনির্ধারিত সময়ের আগেই দেশে ফিরতে হয় অনেক বাংলাদেশি হজযাত্রীকে। এ জন্য মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে জেদ্দা বিমান অফিসে টিকিট রি-কনফার্ম করতে আসেন হাজিরা। কিন্তু পর্যাপ্ত জনবলের অভাবে হাজিদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না জেদ্দার বিমান অফিস।
এদিকে আজ বুধবার স্থানীয় সময় সকাল ছয়টা থেকে বিমানের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। বিমানের প্রথম ফিরতি ফ্লাইট বিজি০৩৮ জেদ্দার কিং আবদুল আজিজ বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

জেদ্দার বিমান অফিসের প্রধান ফটকে অফিসের সময়সূচি স্থানীয় সময় সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত লেখা রয়েছে। ৭ অক্টোবর স্থানীয় সময় বেলা পৌনে একটায় সেখানে গিয়ে দেখা গেল হাজিদের সেবা দেওয়ার জন্য কাস্টমার ডেস্কে কেউ নেই। এ সময় অফিসের ভেতরে শতাধিক হাজি ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিমানের সৌদি আরব কান্ট্রি ম্যানেজার মো. আবু তাহের বলেন, ডেস্কের লোকজন মনে হয় খেতে গেছে। চলে আসবে কিছুক্ষণের মধ্যেই।
মঙ্গলবার বিমানের জেদ্দা অফিসে সেবা গ্রহণে ইচ্ছুক যাত্রীর সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। বেলা আড়াইটা পর্যন্ত তিনজন কাস্টমার অফিসার মাত্র ২০ জনকে সেবা দিতে সক্ষম হন। সেবা পেতে ইচ্ছুক যাত্রীরা জানালেন, খুব ধীরগতিতে কাজ চলছে। ফলে তাঁদের দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে। তাঁরা আরও জানালেন, তাঁদের দুর্ভোগের কথা বিবেচনা করে বিমান কর্তৃপক্ষের বিকল্প ব্যবস্থা গ্রহণ করা দরকার।
বাহার উদ্দিন বকুল
জেদ্দা, সৌদি আরব