জেনারেটর আছে, তেল বরাদ্দ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে দুটি জেনারেটর দেওয়া হয়েছে। কিন্তু তেল বরাদ্দ দেওয়া হয়নি। ফলে সেগুলো চালানো হয় না। এদিকে বিদ্যুৎ চলে গেলে ঘুটঘুটে অন্ধকারে আতঙ্কের মধ্যে থাকতে হয় রোগীদের। দুর্ভোগে পড়তে হয় চিকিৎসক ও কর্মচারীদেরও।
হাসপাতালের কর্মচারীরা জানান, বিদ্যুৎ না থাকলে চিকিৎসকেরা চার্জার বাতি ও মুঠোফোনের আলোতে রোগীদের সেবা দেন। পুরুষ ও নারী ওয়ার্ডে কোনো আলোর ব্যবস্থা নেই। গরমের সময় রোগীদের কষ্ট পেতে হয় বেশি।
নারী ওয়ার্ডে ভর্তি হওয়া উপজেলার নারায়ণহাট গ্রামের বাসিন্দা রোকেয়া বেগম বলেন, ‘বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়। ভয়ও করে। একটু বাতাসের আশায় বারান্দায় বসে থাকি।’
স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এস এইচ রাশেদুল আলম বলেন, বিদ্যুৎ না থাকলে রাতে রোগীদের যেমন সমস্যা হয়, চিকিৎসকদেরও একই অবস্থা। অন্ধকারে কোনো রোগীর অবস্থা খারাপ হলে তখন কিছুই করার থাকে না। নিজেদের অর্থায়নে ব্যবহৃত আইপিএসটি নষ্ট হয়ে গেছে।
ভান্ডাররক্ষক সঞ্জয় কুমার নাথ জানান, ২০০৪ ও ২০০৮ সালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জেনারেটর দুটি সরবরাহ করা হয়। কিন্তু তেলের বরাদ্দ না থাকায় মাঝেমধ্যে নিজেদের খরচে চালু করা হলেও আজ পর্যন্ত তা নিয়মিতভাবে চালু করা হয়নি। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশিষ দত্ত জানান, নিয়মানুযায়ী ৫০ শয্যার স্বাস্থ্যকেন্দ্রের জন্য তেলের বরাদ্দ রয়েছে। কিন্তু এখানে ৩১ শয্যার কার্যক্রম এখনো বহাল থাকায় তেলের বরাদ্দ পাওয়া যাচ্ছে না। এ কারণে জেনারেটরগুলোও এভাবে পড়ে আছে। স্বাস্থ্যকেন্দ্রটি ৫০ শয্যায় উন্নীতের ঘোষণা হলেও এখনো কার্যক্রম শুরু হয়নি। কার্যক্রম শুরু হলে এ সমস্যা কেটে যাবে।
উপজেলা স্বাস্থ্য কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, এখন স্বাস্থ্যকেন্দ্রটি ৫০ শয্যায় উন্নীত হয়েছে। জেনারেটরের জন্য তেল বরাদ্দ পাওয়া সময়ের ব্যাপার মাত্র।