
প্রথম প্রথম স্বামী-স্ত্রী দুজনেই আসতেন একসঙ্গে। দুজনেই উচ্চশিক্ষিত, বড় চাকরি করেন। মুনা (ছদ্মনাম) একজন স্তন ক্যানসার সারভাইভার। বছর খানেক আগে তাঁর ডান স্তন কেটে ফেলা হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ। এখন তাঁরা সন্তান চান। থাইরয়েড, উচ্চরক্তচাপ ইত্যাদি ছোটখাটো কিছু সমস্যা ছাড়া এখন মুনার আর কোনো ঝামেলা নেই। মুনার ক্যানসার বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নিশ্চিত হই হ্যাঁ, এখন এই দম্পতি সন্তান নিতে পারেন নিশ্চিন্তে। মুনার চোখদুটো উদ্ভাসিত। অল্প বয়সেই ক্যানসার এসে তছনছ করে দিচ্ছিল তাঁর জীবনটাকে, যুদ্ধ করে জিতেছেন তিনি।
স্বামী শুরু থেকেই মুনার পাশে ছিলেন। সাহস আর সমর্থন জুগিয়েছেন। এখন আবার জীবনটাকে গুছিয়ে নেওয়ার পালা। পরের ফলোআপগুলোতে মুনা একাই আসতে লাগলেন। উচ্ছ্বাসও কেন যেন কম। ক্যানসারের সঙ্গে যুদ্ধ যখন চলছিল, তার চেয়ে কেন যেন এখন একটু বেশি ম্রিয়মাণ, বিষণ্ন দেখায় তাঁকে। একবার থাকতে না পেরে জিজ্ঞেস করেই বসি, আপনি না সন্তান চাচ্ছিলেন? চেষ্টা কি চলছে? যে মুনাকে এত দিন খুবই ইতিবাচক দেখেছি, যাঁকে কিনা ক্যানসার আক্রান্তদের জন্য উদ্দীপনামূলক বক্তৃতা (মোটিভেশনাল স্পিচ) দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলাম আগে কয়েকবার, সেই মুনাকে খুব দিশেহারা দেখায়। চোখের জল লুকাতে লুকাতে তিনি বলেন, ‘ও আমাকে ছেড়ে চলে গেছে।’
চমকে উঠি, সেকি? কেন? উনি তো এত দিন...
মুনা দীর্ঘশ্বাস ফেলেন, ‘বন্ধু, প্রেমিক, স্বামী, চরম বিপদের দিনে পাশে ছিলেন ঠিক; সেটা এক কথা, কিন্তু একজন ব্রেস্টহীন ক্যানসার সারভাইভার নারীর সঙ্গে দিনের পর দিন সংসার করা আরেক জিনিস। ওর আত্মীয়রা একটি সুস্থ সবল নিখুঁত মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করেছে।’ তাঁরা এখন আলাদা থাকছেন। বিচ্ছেদের কাগজপত্র ঠিক হচ্ছে।
চিরকালের শক্ত আর সাহসী মুনা হু হু করে কেঁদে ফেলেন। ক্যানসার, অস্ত্রোপচার, কষ্টদায়ক কেমোথেরাপি যাঁকে পরাজিত করতে পারেনি, সমাজের আঘাতে তাঁকে আজ ভেঙে পড়তে দেখি চোখের সামনে।
২.
ফরিদা খানমের (ছদ্মনাম) স্তনে একটা ছোট্ট টিউমারের আভাস দেখা দিলে চিকিৎসক যখন অতি দ্রুত তা অপসারণের জন্য ঢাকায় যেতে বলেন তখন বেঁকে বসেছিলেন ফরিদা নিজেই। তিনি বরং হোমিওপ্যাথি চিকিৎসার শরণাপন্ন হলেন। কাঁদতে কাঁদতে মা সম্পর্কে এই অভিযোগ করছিলেন তাঁর বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ে, যে কিনা ছুটিতে বাড়ি গিয়ে চমকে যায় ভগ্নস্বাস্থ্য, অসুস্থ মাকে দেখে। জোর করায় মা সব খুলে বলেন। মেয়ে পরদিনই ট্রেনের টিকিট কেটে রওনা দেন ঢাকার উদ্দেশে। জানা যায়, রোগটা এত দিনে বেশ ছড়িয়ে পড়েছে, কেবল স্তন ও আনুষঙ্গিক গ্রন্থি ফেলে দিলেই হবে না, লাগবে কেমো ও রেডিওথেরাপিও। তার ওপর বেড়ে গেছে ডায়াবেটিস, দেখা দিয়েছে রক্তশূন্যতা।
সব শুনে ফরিদাকেই অবাক হয়ে প্রশ্ন করি, আপনি তো একজন স্কুলশিক্ষক, কেন এই হঠকারিতা করলেন? ফরিদা চুপ করে রইলেন। উত্তরটা দিলেন তাঁর মেয়ে। রেগে বললেন, ‘কারণ আমার বাবা। বাবাই শুনে খেপে গিয়েছিলেন, বলেছেন, ওসব অপারেশন-টপারেশন না করাই ভালো। কী বিশ্রী দেখাবে তাতে, আর লোকেই বা কী বলবে। তার চেয়ে বরং হোমিওপ্যাথি করো।’
ফরিদা খানম মুখ নিচু করে বসে ছিলেন এতক্ষণ। মাঝে মাঝে মেয়েকে থামাতে চাইছিলেন। কিন্তু মেয়ে থামছেন না। বরং চিৎকার করে বলেই চলেছেন, ‘কী করে, মা, কী করে তুমি এমন অন্যায় কথা শুনে চুপ করে রইলে? অন্তত আমাদের কথাও তুমি কেন ভাবলে না? কেন মা?’
স্তন ক্যানসারের ঝুঁকি
দীর্ঘমেয়াদি Ĺঋতুকাল (অল্প বয়সে রজঃস্বলা ও দেরিতে রজোনিবৃত্তি হওয়া)
প্রথম সন্তান দেরিতে হওয়া
পরিবারে স্তন ক্যানসারের ইতিহাস
স্থূলতা ও কায়িক শ্রমহীন জীবনযাপন
জন্মনিয়ন্ত্রণ বড়ি বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়া
৩.
‘আর দশজন নারী এ রকম সময় যে অনুভূতির মধ্য দিয়ে যাবেন, আমিও তাই গিয়েছি। আমি বারবার নিজেকে শান্ত হতে বলেছি, শক্ত হতে বলেছি, বলেছি কখনো ভেবো না যে তুমি তোমার সন্তানদের বড় হতে দেখবে না, নাতি-নাতনিদের জড়িয়ে ধরতে পারবে না। তুমি নিশ্চয় জানো কেন তুমি বেঁচে থাকতে চাও, আর কোন বিষয়গুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ। এই জানাটা সব সময়ই শান্তি দেয়।...আমি জানি সিদ্ধান্ত নেওয়া অত সহজ নয়। কিন্তু নিজের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনাকে নিজের শরীর আর নিজের ভালোর জন্য ঝুঁকিগুলো জানতে হবে, অন্যের উপদেশ শুনতে হবে, আর বিকল্প সবদিক সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। তারপর নিজের জন্য সবচেয়ে যেটা সম্ভাব্য ভালো তাই পছন্দ করতে হবে। জানার কোনো বিকল্প নেই। নলেজ ইজ পাওয়ার।’ হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ব্রেস্ট ও ডিম্বাশয় অপসারণের পর নিউইয়র্ক টাইমস পত্রিকায় একান্ত এক সাক্ষাৎকারে এসব কথা বলেছিলেন (মার্চ, ২০১৫)।
একজন অ্যাঞ্জেলিনা জোলি যখন জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় গণমাধ্যমে খোলাখুলি লিখছেন নিজের ব্রেস্ট বা ডিম্বাশয় ফেলে দেওয়ার কথা, আমাদের মধ্যবয়সী ফরিদা খানম তখন লোকলজ্জার ভয়ে ব্রেস্টের টিউমারকে পেলে–পুষে বড় করছেন। বিশেষজ্ঞরা বলেন, সঠিক সময়ে নির্ণিত হলে ও সঠিক চিকিৎসা পেলে বেশির ভাগ ব্রেস্ট ক্যানসারের রোগী একটি সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন। কিন্তু আমাদের দেশে চিকিৎসা নিতেই দেরি হয়ে যায় এই সব সামাজিক সংস্কার ও ট্যাবুর কারণে। অঙ্গ ছেঁটে ফেলাকে ভারি লজ্জার বলে মনে করেন এখানের নারীরা। গোপন অঙ্গের কোনো রোগের কথা মুখ ফুটে বলতেও দ্বিধা। পুরুষেরাও বিষয়টাকে স্বাভাবিক মনে গ্রহণ করতে শেখেননি। অক্টোবর মাস ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস, এই মাসে তাই আমরা স্মরণ করিয়ে দিতে চাই নারীদের—নিজেকে ভালোবাসুন। নিজের শরীর নিয়ে ভাবুন। নিজেকে নিয়ে সচেতন হোন। রোগমাত্রই চিকিৎসার দাবি রাখে, নারীর রোগ, গোপন রোগ এসব বলে কিছু নেই। শরীরটা আপনার, এই জীবনও আপনার। তাই নিজের জন্য যেটা সবচেয়ে সম্ভাব্য ভালো, তা গ্রহণ করতে দ্বিধা করবেন না কখনো।
নারীদের ক্যানসারের মধ্যে সারা বিশ্বে সবচেয়ে বেশি হচ্ছে স্তন ক্যানসার। প্রতিবছর পাঁচ লাখের বেশি নারীর অকালমৃত্যু ঘটে এই কারণে। বিশেষজ্ঞরা বলেন, প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে বেশির ভাগ স্তন ক্যানসার চিকিৎসায় সম্পূর্ণ সেরে যেতে পারে। তার জন্য চাই সচেতনতা। স্তন ক্যানসারের ঝুঁকি সম্পর্কে জানুন। নিয়মিত নিজের স্তন নিজে পরীক্ষা করুন। পরামর্শ অনুযায়ী স্তনের আলট্রাসনোগ্রাম বা ম্যামোগ্রাফি করুন। যেকোনো অস্বাভাবিকতায় দ্রুত চিকিৎসা নিন।