জেন্ডার ও উন্নয়ন মেলা

বৈশাখ আসার আগেই রংপুরে শুরু হয়েছে অন্য রকম এক মেলা। তবে এই মেলায় নাগরদোলা, চরকি বা মণ্ডা-মিঠাই নয়, মিলবে তার চেয়ে দরকারি জিনিস। নারীকে আরও এক ধাপ এগিয়ে নিতে এমন মেলার আয়োজন এর আগে হয়েছিল ঢাকায়। সেখানের সাফল্য আর নারীদের আগ্রহ দেখে ইউএসএআইডি সেটা ছড়িয়ে দিতে চায় সারা দেশে। যে কারণে এবার ঢাকার বাইরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বসেছে ‘জেন্ডার এবং ডেভেলপমেন্ট ফেয়ার’ নামের এই আয়োজন। ইউএসএআইডির সঙ্গে মিলিতভাবে এই মেলার আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
‘নারীর অগ্রগতি উন্নয়নের চাবিকাঠি’—এই স্লোগন নিয়ে শুরু হয়েছে মেলা। ৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই মেলা শেষ হবে কাল ১০ এপ্রিল। মেলা উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেজেছে নতুনভাবে, যেখানে ৭০টির মতো স্টলে থাকছে বিভিন্ন সংস্থার নানা ধরনের পরামর্শ। নিজেকে এগিয়ে নেওয়ার মতো শক্তি, সাহস ও চিকিৎসার বিভিন্ন রকম তথ্য পাওয়া যাবে এসব স্টলে। মেলার মূল উদ্দেশ্য বাংলাদেশে নারীর অধিকার রক্ষার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি। নানা ধরনের আয়োজনের মধ্যে থাকছে ‘জেগেছে নারী ভেঙেছে বাঁধ’ শিরোনামে ব্যান্ড সংগীত, যুক্তরাষ্ট্রে শিক্ষাসম্পর্কিত তথ্য, সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী, নারী ও কন্যাশিশুবিষয়ক আলোচনা, নারীর প্রজনন অধিকারবিষয়ক পরামর্শ, বাউল গান এবং বাল্যবিবাহ নিয়ে একটি মঞ্চনাটক।
এই মেলার আয়োজন নিয়ে ইউএসএআইডির জ্যেষ্ঠ প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মাহমুদা রহমান খান বলেন, ‘নারীর উন্নয়নে নানা ধরনের কার্যক্রম সক্রিয়ভাবে করে যাচ্ছে ইউএসএআইডি। নারী-পুরুষের সমতা অর্জনে কাজ করে যাচ্ছি আমরা। তারই অংশ হিসেবে আমরা জেন্ডার ও উন্নয়ন মেলা এবার আয়োজন করেছি রংপুরে, যার উদ্দেশ্য দেশের বিভিন্ন প্রান্তের নারী-পুরুষের মধ্যে গণসচেতনতা বাড়ানো। অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা খাতে নারীদের অবদান তুলে ধরতে সহায়তা করা।’
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।