জেমস বন্ডের অক্টোপসি আর উদয়পুর
উদয়পুর এসে যখন পৌঁছালাম, তখন রাত হয়ে গেছে। হোটেল চেক ইন শেষে রুমে আসতেই রাত হয়ে গেল। হাতমুখ ধুয়ে হোটেলের ছাদের ওপর উঠে এলাম। হোটেল অতিথিদের জন্য ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করা হয়েছে। বেশ কয়েকটি টেবিল সাজানো-গোছানো। বেশ কয়েকজন বিদেশি পর্যটক। তবে ভারতীয়ই বেশি। ভারত বিশাল দেশ। ভারতের ভেতর ভারতীয় পর্যটক কম নয়। ভোরে ঘুম থেকে উঠে প্রাতরাশ খেতে হোটেলের ওপরে উঠে এলাম। ওপরের বেশ বড় কক্ষটি রেস্তোরাঁ। আমাদের আগেই কয়েকজন এসে গেছেন। সুন্দর সাজানো চেয়ার-টেবিল, রেস্তোরাঁ। জানালার ধারে একটি টেবিল নিয়ে বসলাম। চায়ের পেয়ালা হাতে নিয়ে জানালা দিয়ে তাকাতেই চোখে পড়ল বিশাল লেক। লেকের মাঝে জলের ওপর বিশাল এক সাদা মার্বেল পাথরের রাজপ্রাসাদ। এই সেই প্রাসাদ, হলিউডের বিখ্যাত চলচ্চিত্র জেমস বন্ড সিরিজের অক্টোপসির প্রাসাদ। বিখ্যাত অভিনেতা রজার মুর, মউদ এদামস, কবির বেদি, বিজয় আরোরাদের নিয়ে পরিচালক জন গেন অক্টোপসির বেশ কিছু অংশ চিত্রায়ণ করেছিলেন এই প্রাসাদে। আফগান যুবরাজ কামাল খান ও ভারতীয় চোরাকারবারিদের ধনী বিলাসিনী নারী অক্টোপসির সন্ধানে জেমস বন্ড এসেছিলেন উদয়পুর। কথিত আছে, চিতোরের মহারানা উদয় সিং আরাবলি পাহাড়ে শিকারে এলে এক সন্ন্যাসী রানাকে বর দান করে ওই জায়গায় এক প্রাসাদ নির্মাণ করতে বলেন। সন্ন্যাসীর আদেশানুযায়ী রানা ক্রমান্বয়ে এক প্রাসাদ নির্মাণ করেন। ১৫৬৮ সালে দিল্লির মোগল সম্রাট আকবর চিতোর দুর্গ অধিকার করে নিলে রানা উদয় সিং মেওয়ার রাজ্যের রাজধানী চিতোর থেকে উদয়পুর সরিয়ে নিয়ে আসেন। ১৫৫৯ সাল থেকে চার কিলোমিটার দীর্ঘ ও তিন কিলোমিটার প্রশস্ত লেক পিচোলাকে ঘিরে গড়ে ওঠে উদয়পুর। পাহাড় দিয়ে ঘেরা বিশাল লেক পিচোলার ভেতর দুটি ছোট দ্বীপ। এই দ্বীপে মহারানা উদয় সিংহের নির্দেশে গড়ে উঠেছিল পাহাড়ের মাথায় চার একরবিশিষ্ট সাদা লেক প্যালেস। অন্য দ্বীপটিতে নির্মাণ করা হয়েছে লেক গার্ডেন প্যালেস। বর্তমানে দুটি প্যালেসই হোটেল। প্রাসাদ দুটি দেখতে লেকের ওপর দিয়ে যন্ত্রচালিত নৌকা করে যেতে হয়। নৌকা প্রতিনিয়ত যাতায়াত করছে ও ফিরে আসছে। যেকোনো একটিতে গিয়ে যতক্ষণ ইচ্ছা সময় কাটিয়ে ফিরে আসা যায়। নৌকাগুলো বিলাসবহুল ও সুন্দরভাবে সাজানো। লেকটি ঘিরে পর্যটকদের সুবিধার্থে হোটেল রেস্তোরাঁ গড়ে উঠেছে। গাইড জানালেন, আরাবলি পাহাড় থেকে নেমে আসা জলের ধারা এখান দিয়েই প্রবাহিত হতো। পরবর্তী সময়ে জনৈক কৃষকের কথায় কৃষিকাজে ব্যবহারের জন্য জলাধার সৃষ্টির উদ্দেশ্যে মহারানা বাঁধ নির্মাণ করেন। সেই থেকে ধীরে ধীরে জল জমে বিশাল হ্রদে রূপ নিয়েছে।আমরা একটি নৌকায় লাইফ জ্যাকেট বেঁধে রওনা হয়ে গেলাম। নৌকা প্রায় এক ঘণ্টা ফতে সাগরে বিহার করে প্যালেস গার্ডেনের ঘাটে এসে ভেড়ে। সুন্দর করে সাজানো প্যালেস গার্ডেন। চারদিক লাল-নীল পতাকা বাতাসে পতপত করে উড়ছে। পুরো প্যালেসটি জলের ওপর ভাসছে। প্যালেসে পা দিয়েই মনে হলো যেন বিশাল এক খোলা জাহাজের ডেকে দাঁড়িয়ে আছি। ভেতরে সুন্দর বাগান। বাগানের দিকটা খোলা। লেকের হু হু হাওয়া আসছে। জলের ধারে মাঝে-মাঝে বসার জায়গা। পাগড়ি ও উর্দি পরা বেয়ারারা ঘোরাফেরা করছেন। গাইড স্মরণ করিয়ে দিলেন মনসুন প্যালেস দেখার কথা।লাঞ্চের সময় হয়ে এলে হ্রদের ধারে খোলা এক রেস্তোরাঁয় লাঞ্চ সেরে নেওয়া হলো। সবজি, তন্দুরি, চাপাতি আর ইন্ডিয়ান চায়ে। এদিকটায় মাছ-মাংসের চেয়ে সবজির প্রচলন বেশি। আর সবজি বিভিন্ন মসলা আর গরম মসলা দিয়ে ঠিক মাংসের মতো করে পাক করা হয়। স্বাদেও অপূর্ব। আর ইন্ডিয়ান চায়ের জুড়ি মেলা ভার। উদয়পুর থেকে পাঁচ কিলোমিটার দূরে সুউচ্চ আরাবলি পাহাড়ের ওপর মনসুন প্যালেস। প্রাসাদটিকে সাজ্জান গড় প্যালেসও বলা হয়। মহারানা সাজ্জান সিং ১৮৮৪ সালে প্রাসাদটি নির্মাণ করেন। জনবিরল সুউচ্চ পাহাড়ে প্রাসাদ নির্মাণের কয়েকটি তথ্য পাওয়া যায়। কারণ হিসেবে বলা হয়, মহারানা সজ্জন সিং ঋতু পরিবর্তনের দৃশ্য অবলোকন করতে এই প্রাসাদ নির্মাণ করেন। সে সঙ্গে দূরে ফেলে আসা চিতোর দুর্গকে দেখা সর্বোপরি সমগ্র উদয়পুরকে অবলোকন করার উদ্দেশ্যে নির্মিত হয় এই দুর্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ১০০ ফুট উঁচু দুর্গ দ্বারে সাম্প্রতিক তৈরি আঁকাবাঁকা পিচঢালা পথ উঠে গেছে। আমাদের গাড়ি সরু আঁকাবাঁকা বিপৎসংকুল পথ দিয়ে উঠছে তো উঠছেই। পাহাড়ের খাঁজে খাঁছে ফুটে আছে লাল বোগেন ভিলা। অবশেষে গাড়ি এসে দাঁড়াল দুর্গ দ্বারে। পাহাড়ের ওপরটা সমতল করে তৈরি করা হয়েছে প্রাসাদ ও প্রাসাদসংলগ্ন বাগান। প্রাসাদে জল সরবরাহ ছিল কষ্টকর। বৃষ্টির মৌসুমে ভূগর্ভস্থ জলাধারে এক লাখ ৯৫ হাজার ৫০০ লিটার জল সংরক্ষণ করে সারা বছর কাজ চালানো হতো। প্রাসাদের ভেতর বড় এক জলসাঘর। শ্বেতপাথরের বিশাল এক পাটাতন। পাটাতনের চারপাশে প্রদীপ জ্বালানোর আর কৃত্রিম জলের ফোয়ারার ব্যবস্থা। চারদিক প্রদীপ জ্বালিয়ে জলের ফোয়ারার ভেতর তন্বী নর্তকীরা নৃত্য করতেন আর মহারানা দিবসের ক্লান্তি দূর করতে উঁচু খিলানের ওপর তাকিয়ায় হেলান দিয়ে নৃত্য উপভোগ করতেন। ১৯৮৩ সালে জেমস বন্ড সিরিজের অক্টোপসি চলচ্চিত্রের বিদ্রোহী আফগান যুবরাজ কামাল খানের বাসস্থান হিসেবে দুর্গটি ব্যবহূত হলে দুর্গটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।লিয়াকত হোসেনস্টকহোম, সুইডেন[email protected]