জেলা তথ্য বাতায়নে মুক্তিযুদ্ধ
৬ জানুয়ারি ২০১০ চালু হওয়া দেশের ৬৪টি জেলার জেলাভিত্তিক ওয়েবসাইট ‘জেলা তথ্য বাতায়ন’ বাংলাদেশের সবচেয়ে গর্বের বিষয় স্বাধীনতাযুদ্ধ নিয়ে বিপুল তথ্যের এক ভান্ডার গড়ে তুলেছে। তথ্য বাতায়ন মানে জেলার ওয়েবসাইটগুলোতে ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা’ শিরোনামের একটি বোতাম আছে, যা চেপে সংশ্লিষ্ট জেলার মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে। এটি বর্তমান প্রজন্ম তো বটেই, আগামী প্রজন্মের জন্যও একটি অবশ্যপাঠ্য দলিল। সবার কাছে পৌঁছানোর উদ্দেশ্য থেকে জেলা তথ্য বাতায়নগুলো বাংলা ভাষায় তৈরি করা হয়েছে। এসব তথ্য বাতায়ন প্রতিটি জেলার জেলা প্রশাসকের কার্যালয়থেকে নিয়ন্ত্রণ ও হালনাগাদ করা হয়। সবগুলোর চেহারা এক রকম।আর ঠিকানাও একই রকমের।যেমন ঢাকা জেলার তথ্য বাতায়নের ঠিকানা www.dcdhaka.gov.bdআবার খুলনার ঠিকানা www.dckhulna.gov.bd। এভাবে ঠিকানা লিখে প্রতিটি জেলার সাইটে ঢোকা যাবে।আসছে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি হচ্ছে। জেলা তথ্য বাতায়নের ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা’ অংশে কী আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি। মুক্তিযুদ্ধ সম্পর্কে কী কী তথ্য আছে তা নিয়েই এই প্রতিবেদন।৬৪টি জেলার প্রায় ৫০০ পৃষ্ঠার এক লাখ ৫০ হাজার শব্দের এই বিশাল তথ্যভান্ডার এটি।একে আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে বেশ ভালো করেই। অনেক জেলার ভূমিকায় বলা হয়েছে, ‘এ জেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে মুক্তিযুদ্ধের যে ইতিহাস জানা গেছে, তা সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো।’ কিন্তু যাঁদের সঙ্গে কথা বলা হয়েছে, তাঁদের নাম ও ঠিকানা উল্লেখ করা হয়নি। মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে গিয়ে অনেকের নাম এসেছে। তাঁদের কারও কারও বর্তমান পরিচয় উল্লেখ করা হলেও বেশির ভাগের ক্ষেত্রে তাঁরা বর্তমানে কী করছেন বা তাঁদের বর্তমান পরিচয় তুলে ধরা হয়নি। এর মধ্যে এমন ব্যক্তিত্বও আছেন, যাঁরা হয়তো জাতীয়ভাবে পরিচিত। পড়তে গিয়ে মনে হয়েছে, জাতীয়ভাবে পরিচিত ব্যক্তির নাম হয়তো এটি, কিন্তু তিনিই কি না, সেটি নিয়ে আমি সংশয়ে থেকেছি। কারণ, একই নামে তো হাজার হাজার মানুষ আছে। যেমন: আবদুর রাজ্জাক। তা ছাড়া অনেকের পক্ষে জাতীয় ব্যক্তিত্বদের জেলার নাম এবং ’৭১ সালে তিনি কোথায় ছিলেন, তা জানা সম্ভব নয়। লেখার সময় কোনো নির্দিষ্ট ছক অনুসরণ করা হয়নি। জেলাগুলো তাদের ইচ্ছামতো এটি তৈরি করেছে। যেমন: কোনো কোনো জেলার বর্ণনায় উপশিরোনাম ব্যবহার করে (মুক্তিযুদ্ধের প্রেরণা, সংগ্রাম পরিষদ গঠন, মুক্তিবাহিনী গঠন ইত্যাদি) ছোট ছোট অনুচ্ছেদে ঘটনার বর্ণনা করা হয়েছে। উপশিরোনামগুলোও যাঁর যাঁর মতো করে ব্যবহার করেছেন। কেউ কেউ পৃষ্ঠার পর পৃষ্ঠা বর্ণনা দিয়েছেন কোনো উপশিরোনাম ছাড়াই, যা পড়া বেশ ক্লান্তিকর। কোনো কোনো জেলা সরাসরি যুদ্ধের বর্ণনায় চলে গেছে। যেমন: ভোলা জেলার ক্ষেত্রে দেখা যায়, সেখানে দেউলার যুদ্ধ, টনির হাট ও ঘুইংগার যুদ্ধের ঘটনা দিয়ে লেখা শুরু করার পর পতাকা উত্তোলনের প্রসঙ্গটির উল্লেখ করা হয়েছে, যা ঘটনার ধারাবাহিকতার ব্যত্যয় ঘটিয়েছে। তিনটি বড় জেলার তথ্য বাতায়নে ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা’ পাতাটি একেবারেই খালি, কোনো তথ্য নেই। এই জেলাগুলো হলো ঢাকা, বরিশাল ও খুলনা। কোনো কোনো জেলা মুক্তিযোদ্ধাদের নামের তালিকা দেওয়ার পরিবর্তে ‘প্রক্রিয়াধীন আছে’ লিখে রেখেছে। যেমন: ভোলা। আবার কোনো কোনো জেলার তালিকা পিডিএফ ফাইলে দিয়ে দেওয়া হয়েছে। কোনো কোনো জেলা আবার মুক্তিযোদ্ধাদের তালিকাকে সামরিক ও বেসামরিক ভাগে ভাগ করেছে। আমরা জানি, আমাদের দেশের স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ লোক শহীদ হয়েছেন। সেই বিষয়টির প্রতি খেয়াল রেখে কোনো কোনো জেলা মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের ক্ষেত্রে শুধু শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করেছে। যেমন: ঝালকাঠি। এই জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকায় বেসামরিক, পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনীর শহীদদের তালিকা ছাড়াও বিশদ তথ্যসহ বধ্যভূমির তালিকাও পিডিএফ ফাইল আকারে দেওয়া হয়েছে। এতটা বিস্তারিতভাবে না হলেও পটুয়াখালী জেলার সাইটেও শহীদদের একটি তালিকা রয়েছে। এ ছাড়া পটুয়াখালীর সাইটে যুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের পাঁচজনের একটি তালিকা উল্লেখ করে বলা হয়েছে, ‘এ ছাড়া তালিকাভুক্ত আরো অনেক মুক্তিযোদ্ধা রয়েছে।’ মাত্র পাঁচজন আহত মুক্তিযোদ্ধার এই তালিকার নিচে এ ধরনের বক্তব্য দেখে যে কেউ ভুল বুঝতেই পারেন। শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা পিরোজপুর জেলায়ও পাওয়া যায়। বেশির ভাগ জেলার ক্ষেত্রে বর্ণনা খুবই দুর্বল। বানান ভুল চোখে পড়ার মতো। একই পৃষ্ঠায় একই তথ্য একাধিকবার লেখা খুবই দৃষ্টিকটু ও পীড়াদায়ক। যেমন: ব্র্রাহ্মণবাড়িয়া।এসব দুর্বলতা দূর করে একটি সুখপাঠ্য মুক্তিযুদ্ধের ইতিহাসনির্ভর লেখা তৈরির জন্য সবগুলো ওয়েবসাইটের তথ্য সম্পাদনা করার দরকার রয়েছে। আবার কোথাও কোথাও বর্ণনা অসম্পূর্ণ। যেমন: নারায়ণগঞ্জ। কোথাও কোথাও সংকলন কে বা কারা করেছেন, সেটি উল্লেখ রয়েছে। যেমন: পটুয়াখালীর তথ্য সংকলন করেছেন নির্মল কুমার রক্ষিত। কিন্তু তাঁর কোনো পরিচয় উল্লেখ না থাকায় গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন করা যেতেই পারে। কোনো কোনো জেলার তথ্যের নিচে তথ্যসূত্র উল্লেখ করা হয়েছে। তথ্যসূত্রের ক্ষেত্রে কিছু বইয়ের নাম দেওয়া হয়েছে। কিন্তু কোন বই থেকে কোন অংশটি নেওয়া হয়েছে, তার বিস্তারিত রেফারেন্স থাকলে তথ্যের গ্রহণযোগ্যতা আরও বাড়তে পারত। জামালপুর জেলা একটি ইংরেজি সংস্করণ রেখেছে ‘Jamalpur at 1971’ শিরোনামে। এ ছাড়া এই জেলা ‘মুক্তিযুদ্ধের চিঠি’ শিরোনামে একটি পৃথক বোতামও সংযোজন করেছে। ইংরেজি বর্ণনা মৌলভীবাজার জেলায় রয়েছে। ময়মনসিংহের পাতায় ডান পাশে প্যানেল করে কিছু ছবি যোগ করা হয়েছে, যেগুলো আবার সব মুক্তিযুদ্ধবিষয়ক নয়। কুষ্টিয়ার পাতায় ছবি না থাকলেও ছবির ক্যাপশন রয়েছে। অন্য অনেক জেলায় ব্যবহূত ছবিগুলো খুবই এলোমেলো। কোথাও কোথাও তো মুক্তিযোদ্ধার ছবির হাত কিংবা শরীরের অংশবিশেষ দৃষ্টিকটুভাবে কেটে ফেলা হয়েছে। যেমন: বগুড়া।এ ব্যাপারে সতর্কতা দরকার। কারণ, মুক্তিযোদ্ধারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। রাজবাড়ী ও নাটোর জেলার তালিকা ডাউনলোড করার জন্য ক্লিক করলে ডাউনলোড হয় না। চুয়াডাঙ্গা ও চাঁদপুরের বোতামও নিষ্ক্রিয়। আবার সরকারি যে তালিকাগুলো দেওয়া হয়েছে, সেগুলোর বেশির ভাগ ক্ষেত্রে ২০০৫ সালে তৈরি করা তালিকা রাখা হয়েছে। লেখা তৈরির সময় সমন্বয় না থাকাটা এই জেলাগুলোর বাতায়নে প্রকাশিত মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রশ্নের মুখোমুখি করতে পারে। যদি সত্যিই একবার সেটি হয়, তবে পুরো কাজটিই প্রশ্নের সম্মুখীন হয়ে পড়তে পারে। এটি বোঝার জন্য খাগড়াছড়ি ও রাঙামাটির বর্ণনায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদেরের যুদ্ধের বর্ণনা অংশটি দেখা যেতে পারে। এ ক্ষেত্রে সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম বীর উত্তমের লেখা লক্ষ প্রাণের বিনিময়ে বইটিও দেখা যেতে পারে। শেষ কথাযে যুদ্ধে ৩০ লাখ লোক শহীদ হয়েছেন, সেখানে সবার নাম যখন যোগ হবে, তখন তো এটির আয়তন আরও বাড়বে। এখন প্রায় দেড় লাখ শব্দ আছে, সেটি সে সময়ে শুধু নামের কারণেই এক কোটি শব্দ হবে। তাঁদের যুদ্ধের বর্ণনা যোগ হলে ৩০ কোটি শব্দকেও হয়তো ছাড়িয়ে যাবে। সেই বিশাল তথ্যভান্ডার যাতে নির্ভুল ও সুন্দরভাবে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সবার সহযোগিতা ও চেষ্টা থাকা দরকার।[email protected]