জেলা পরিষদ নির্বাচন ও ভূমি বিরোধ নিষ্পত্তি করার দাবি
জাতিসংঘসহ বিভিন্ন বিদেশি সাহায্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাংবাদিক, জনপ্রতিনিধি, নারীনেত্রী ও সামাজিক নেতাদের মতবিনিময় সভায় পার্বত্য জেলা পরিষদের নির্বাচন ও ভূমি বিরোধ নিষ্পত্তির দাবি জানানো হয়েছে। ২৪ নভেম্বর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন খাগড়াছড়ি চেম্বারের পরিচালক সুদর্শন দত্ত, সুশাসনের জন্য নাগরিক কমিটির সভাপতি সুধীন চাকমা, জেএসএস নেতা রক্ত উৎপল ত্রিপুরা, বিএনপি নেতা রফিকুল ইসলাম, হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঊষাপ্রু মারমা, সাংবাদিক জসিম উদ্দিন মজুমদার, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শানে আলম, নারীনেত্রী নমিতা চাকমা, শাহানা আক্তার, শাপলা দেবী ত্রিপুরা প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ইউএনডিপির প্রতিনিধি বিলিটা গ্লু, হেনরিক রেনসার, এফএও প্রতিনিধি ডারিও ডাগান, জাইকার প্রতিনিধি আকিয়া মুনা কাটা, ইউনিসেফের প্রতিনিধি মাধুরী ব্যানার্জি, ইউএসএইড প্রতিনিধি আজিজুর রহমান ও ইউএনডিপির সিএইচটিডিএফ কর্মকর্তা প্রসেনজিৎ চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যার পূর্ণ সমাধান হয়নি। ১৯৮৯ সালের পর জেলা পরিষদের আর কোনো নির্বাচন হয়নি। এখন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কোনো জবাবদিহি নেই। পার্বত্য চট্টগ্রামের শাসনব্যবস্থা অগণতান্ত্রিক পন্থায় পরিচালিত হচ্ছে।