জেলা পরিষদও ছাড়লেন বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা
বান্দরবানের বহিষ্কৃত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান ১০ আগস্ট জেলা পরিষদের সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন। ক্ষমতার অপব্যবহার ও সরকারের ভাবমূর্তি বিনষ্টের দায়ে জেলা পরিষদ থেকে সম্প্রতি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল তাঁকে। এরপর নিজেই তিনি পদত্যাগের ঘোষণা দেন।
তবে পদত্যাগপত্র প্রদান শেষে কাজী মজিবুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে ব্যস্ততা বেড়ে যাওয়ায় তিনি জেলা পরিষদের সদস্য হিসেবে সময় দিতে পারছেন না। এ জন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর সঙ্গে জেলা পরিষদের কারণ দর্শানোর নোটিশের কিংবা অন্য কোনো কিছুর সম্পর্ক নেই।
জেলা পরিষদের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, গত ৫ জুলাই কাজী মজিবুরকে জেলা পরিষদ সদস্য হিসেবে ক্ষমতার অপব্যবহারসহ ১০টি অভিযোগের ভিত্তিতে কারণ দর্শাতে বলা হয়েছে। কিন্তু তিনি নোটিশের জবাব না দিয়ে পদত্যাগপত্র দাখিল করেন।
জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, গত ৬ জুন ছাত্রলীগের জেলা সম্মেলনে হামলার ঘটনার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে কাজী মজিবুরসহ ২২ জন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশৈহ্লা মারমা কাজী মজিবুর রহমানের পদত্যাগপত্র পাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, যেকোনো সদস্য তাঁর ব্যক্তিগত কারণে কিংবা অন্য কোনো কারণে পদত্যাগপত্র পেশ করতে পারেন। তাঁর পদত্যাগপত্র যাচাই করে পরিষদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কারণ দর্শানোর নোটিশ প্রদান প্রসঙ্গে তিনি বলেন, জেলা পরিষদ একটি সরকারি প্রতিষ্ঠান। এর সঙ্গে জড়িতরা ক্ষমতার অপব্যবহার বা সরকারের ভাবমূর্তি বিনষ্ট করলে তাঁকে কারণ দর্শানোর নোটিশ না দিয়ে উপায় থাকে না।