জেলা পরিষদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা পরিষদ পরিচালিত, দারিদ্র্য বিমোচন ও নারী উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও আত্মকর্মসংস্থানমূলক সামগ্রী বিতরণ অনুষ্ঠান ৫ আগস্ট অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা সারোয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক মো. শফিউল আজম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক পারভীন মেহতাব ও সাংবাদিক হাসান আকবর। স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া। প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন সাজেদা বেগম, মো. আবদুল মাবুদ ও কহিনুর জাহান। প্রধান অতিথি বলেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে জেলা পরিষদ দরিদ্র-বেকার নারী পুরুষদের প্রশিক্ষিত জনশক্তিতে রূপান্তরের যে কর্মসূচি নিয়েছে তা সারা দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি অন্যান্য জেলা পরিষদকেও গতানুগতিক কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। প্রশিক্ষণার্থীদের আত্মবিশ্বাস নিয়ে জীবনযুদ্ধে এগিয়ে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের স্বপ্ন দেখতে এবং দেখাতে হবে। তাহলে দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখা সম্ভব হবে।’ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা সারোয়ার জাহান সামগ্রিক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ‘এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দরিদ্র বেকার নারী পুরুষ উপকৃত হওয়ার পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখতে সক্ষম হবেন।’ তিনি জানান, ২০১০ অর্থবছরে শুধু জেলা সদরে পাঁচ শতাধিক নারী পুরুষকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিভিন্ন উপজেলায়ও এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কম্পিউটার ব্লক, বাটিক, বুটিক, বাঁশ ও বেত, ফোনসেট মেরামত, মাছচাষ, এমব্রয়ডারি, সেলাই ও কার্টিংসহ ১৩টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি।