জেলা সাংস্কৃতিক মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বসন্ত আসিল বনে। ফুলেরা ফুটিল বনে...’ গানের সঙ্গে বাংলাদেশ নৃত্য শিল্পী সংগঠনের এ মনমাতানো নাচ চলছে মুক্তমঞ্চে। পাশেই একদল তরুণ তাল মেলান গানের সঙ্গে, নেচে ওঠেন। এভাবে চলতে থাকে গান, আবৃত্তি, লাঠিখেলা আর যাত্রাপালা। দর্শক মজে যান দেশি সংস্কৃতির রসে।চট্টগ্রাম জেলা প্রশাসন ২৬-২৮ মে শিল্পকলা একাডেমীতে আয়োজন করে জেলা সাংস্কৃতিক মেলা। এতে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান। প্রধান আলোচক ছিলেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলাপ্রশাসক এহছানে এলাহী। প্রধান অতিথি বলেন, ‘এটি হচ্ছে চট্টগ্রামের প্রথম সাংস্কৃতিক মেলা। এসব মেলা আমাদের হাজারো বছরের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংস্কৃতিক বন্ধ্যাত্ব কাটিয়ে উঠতে এবং বাংলার লোকজ ঐতিহ্য ধরে রাখতে প্রশাসনের পাশাপাশি ব্যক্তি ও সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।’ শুক্রবার মেলার দ্বিতীয় দিন বিকেল থেকেই মুক্তমঞ্চে চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। লাঠিখেলার পর কণা দাশ আবৃত্তি করেন জসীম উদ্দীনের নকশী কাঁথার মাঠ-এর অংশবিশেষ। দর্শক-শ্রোতা মগ্ন হয়ে শুনছিল সাজু আর রুপাইয়ের গল্প। মোস্তফা কামাল শোনান, ‘বন্ধু রঙ্গিলা, রঙ্গিলা রঙ্গিলারে...।’ সঞ্জিত আচার্য্য স্বভাবসুলভ আঞ্চলিক গান গেয়ে আসর মাত করেন। ‘দাওয়াত দিলাম চাটগাঁয় আইবার’, ‘বাঁশখালী মইষখালি...’ গানগুলোতে দর্শকেরা আনন্দে উন্মাতাল হয়েছেন। দর্শক প্রসূন চৌধুরী বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান আমার পছন্দ। আজ মূলত এসেছি যাত্রা দেখতে।’ এ ছাড়াও শিল্পকলা একাডেমীর পুরো প্রাঙ্গণজুড়ে ছিল বইমেলা। এতে অংশ নেয় ফুলকি, গ্রন্থনিলয়, নন্দন ও বাতিঘর। আর্টগ্যালারি ভবনের দ্বিতীয় ও তৃতীয়তলায় চলছিল তরুণ শিল্পীদের শিল্পকর্ম, ছাপচিত্র, ভাস্কর্য, স্থাপনা, পারফরম্যান্স ও ভিডিও প্রদর্শনী। শিল্পী রিপন সাহা বলেন, ‘এ ধরনের প্রদর্শনী নিঃসন্দেহে তরুণ শিল্পীদের উৎসাহ জোগাবে। দর্শকেরা এমনকি আমরাও নতুন নতুন মিডিয়া ও এক্সপেরিমেন্টাল কাজ দেখার সুযোগ পাচ্ছি।’