জেলার সেরা বালিকা বিদ্যালয়ে মাত্র দুটি শ্রেণিকক্ষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষায় ফল প্রকাশের পরে এভাবেই উচ্ছ্বাসে মেতে উঠেছিল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভালো ফলাফল করলেও শ্রেণিকক্ষের সংকটের কারণে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে এই বিদ্যালয়ে l ফাইল ছবি
এসএসসি পরীক্ষায় ফল প্রকাশের পরে এভাবেই উচ্ছ্বাসে মেতে উঠেছিল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভালো ফলাফল করলেও শ্রেণিকক্ষের সংকটের কারণে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে এই বিদ্যালয়ে l ফাইল ছবি

নানা সংকটের মধ্যেও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে কাচালং বালিকা উচ্চবিদ্যালয়। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার একমাত্র বালিকা বিদ্যালয়টি দুই বছর ধরে এসএসসিতে শতভাগ পাসের রেকর্ড গড়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে। অথচ বিদ্যালয়টিতে ব্যবহার উপযোগী শ্রেণিকক্ষ রয়েছে মাত্র দুটি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলা সদরে দেড় একর জমির ওপর নয় কক্ষবিশিষ্ট টিনের ছাউনি দেওয়া ভবনে ১৯৯৩ সালে যাত্রা শুরু করে কাচালং বালিকা উচ্চবিদ্যালয়। বর্তমানে ওই ভবনটি সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পরবর্তী সময়ে বিদ্যালয়টির জন্য আরও দুটি ভবন নির্মিত হয়। নতুন নির্মিত ভবন দুটিতে পাঁচটি কক্ষ থাকলেও দুটি কক্ষ কেবল শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সব মিলিয়ে ছয়টি শ্রেণির প্রায় আড়াই শ শিক্ষার্থীর জন্য রয়েছে ব্যবহার উপযোগী মাত্র দুটি শ্রেণিকক্ষ। ফলে বিদ্যালয় কর্তৃপক্ষকে বাধ্য হয়ে পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনের কক্ষই ব্যবহার করতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, টিনের পুরোনো জীর্ণ ভবনে বিদ্যালয়ের চারটি শ্রেণির পাঠদান চলছে। সংস্কার না হওয়ায় প্রতিটি কক্ষের মেঝেতে ফাটল ও গর্ত সৃষ্টি হয়েছে। কয়েকটি কক্ষের দেয়ালের পলেস্তারা ও সিমেন্টের আস্তরণ খসে পড়েছে। ফুটো হয়ে গেছে টিনের চাল।

শ্রেণিকক্ষের অভাবে পরিত্যক্ত এই ভবনেই চলে পাঠদান l প্রথম আলো
শ্রেণিকক্ষের অভাবে পরিত্যক্ত এই ভবনেই চলে পাঠদান l প্রথম আলো

বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, ২০০৭-২০০৮ অর্থবছরে শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর বিদ্যালয়টির জন্য ৪০ লাখ টাকা ব্যয়ে তিন কক্ষবিশিষ্ট একতলা একটি ভবন নির্মাণ করে দেয়। এরপর ২০১৪-২০১৫ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৩০ লাখ টাকা ব্যয়ে দুই কক্ষবিশিষ্ট আরেকটি একতলা ভবন নির্মাণ করে। দুটি ভবনের মোট পাঁচটির মধ্যে দুটি কক্ষ শিক্ষক মিলনায়তন এবং একটি কম্পিউটার ল্যাব হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে এ দুটি ভবনের মাত্র দুটি কক্ষ শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা যাচ্ছে।
তবে শ্রেণিকক্ষের সংকট থাকলেও এসএসসি পরীক্ষায় ভালো ফল করছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। বিদ্যালয় পরিচালনা পরিষদ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে ২৩৪ জন শিক্ষার্থী ও ১১ জন শিক্ষক আছেন। এসএসসির ভালো ফলাফলের কারণে পরপর দুই বছর রাঙামাটি জেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছে কাচালং বালিকা উচ্চবিদ্যালয়। ২০১৬ সালে এই বিদ্যালয় থেকে ৬৭ জন এসএসসি পরীক্ষা দিয়ে সবাই পাস করে। তবে এরপরও শ্রেণিকক্ষ সংকটের কারণে প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে।
নবম শ্রেণির ছাত্রী পূর্বা চাকমা বলে, ‘আমাদের বিদ্যালয়ে মাত্র দুটি শ্রেণিকক্ষ ঠিক আছে। বাকি কক্ষগুলো ব্যবহারের অনুপযোগী। শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ক্লাস করতে বাধ্য হচ্ছে।’
প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা বলেন, পুরোনো টিনের ছাউনি দেওয়া ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তারপরও উপায় না থাকায় সেখানে পাঠদান করতে হয়। দুটি শৌচাগার থাকলেও সেগুলো ব্যবহারের অনুপযোগী। শ্রেণিকক্ষের অভাবে প্রতিবছর শিক্ষার্থী কমে যাচ্ছে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, কাচালং বালিকা উচ্চবিদ্যালয় পরপর দুই বছর উপজেলা ও জেলা পর্যায়ে এসএসসি পরীক্ষায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। শিক্ষার পাশাপাশি নাচ, গান, খেলাধুলাসহ সব দিক দিয়ে বিদ্যালয়টি এগিয়ে। বিদ্যালয়টির সরকারিকরণ উচিত বলেও তিনি মন্তব্য করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ঋষি চাকমা বলেন, কাচালং বালিকা বিদ্যালয়ের জন্য একটি ভবন নির্মাণ জরুরি হয়ে পড়েছে। উপজেলা পরিষদ থেকে ছোটখাট বিষয়গুলো সমাধান করা গেলেও বড় ধরনের কিছু করতে সরকারের সহায়তা প্রয়োজন হয়। বিদ্যালয়টি সরকারিকরণ হলে অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়বে।