জেলে যেতে হলো ছাত্রলীগ ও যুবলীগের সাত নেতা-কর্মীকে
নিজ সংগঠনের সম্মেলন পণ্ড করতে হামলা ও ভাঙচুরের অভিযোগে জেলে যেতে হলো বান্দরবানের ছাত্রলীগ ও যুবলীগের সাত নেতা-কর্মীকে। ১ জুলাই বান্দরবানের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী মিজানুর রহমান জামিনে থাকা এসব নেতা-কর্মীর জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গত ৬ মে ছাত্রলীগের সম্মেলনে হামলা হয়। বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই ঘটনার পর পুলিশ ছাত্রলীগের সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়ে বাকিদের অব্যাহতি দেয়। এঁরা হলেন বান্দরবান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল আলম, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পি মল্লিক, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহরাব হোসেন, বান্দরবান সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, বান্দরবান কলেজ ছাত্রলীগের সদস্য আরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সদস্য জাকির হোসেন ও সাইফুল ইসলাম। ৫ জুলাই শুনানি শেষে আদালতে অভিযোগপত্র গৃহীত হয়।
আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কয়েকজন নেতা–কর্মী জানান, সংগঠনের জেলা সম্মেলনে হামলার পাশাপাশি এসব নেতা-কর্মীর বিরুদ্ধে সাংবাদিক জহির রায়হানের ওপর হামলা, জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর এবং জনসংহতি সমিতির কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ আছে। অভিযুক্তরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী মজিবুর রহমানের সমর্থক বলে জানান তাঁরা।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী মজিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগের কমিটি গঠন করতে যাওয়ায় সম্মেলনে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সম্মেলনে উপস্থিত না থাকায় ওই দিন কারা হামলা ও ভাঙচুর করেছে তিনি জানেন না বলে জানান। তবে তিনি ত্যাগী নেতা-কর্মীদের পক্ষেই রয়েছেন এবং প্রয়োজনে শক্তি প্রদর্শন করাও দরকার বলে মন্তব্য করেন।
এদিকে, ছাত্রলীগের সম্মেলনে হামলার অভিযোগে জেলহাজতে থাকা সাত নেতা-কর্মীসহ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২১ নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে জানান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা মারমা। ৬ জুলাই জেলা আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান।