উপকূলের জেলেপল্লি। অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে বহতা নদীর মতো জীবন কেটে যায় জেলেদের। এই জেলে জনগোষ্ঠীর যাপিত জীবন ও শ্রেণিসংগ্রাম, স্বপ্ন পরিকল্পনা ও সমাজবাস্তবতা নিয়েই আবর্তিত হয়েছে সাম্পান নাইয়া নাটকের কাহিনি। উত্তরাধিকার প্রযোজিত এ নাটকের ৫২তম মঞ্চায়ন হয় ১৩ জুন সন্ধ্যা সাতটায় নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। আমিনুর রহমানের রচনায় এ নাটকের নির্দেশনায় ছিলেন মোসলেম উদ্দিন সিকদার।
নাটকের প্রধান চরিত্র নছর। সে এমন এক বসতি নির্মাণের স্বপ্ন দেখে, যেখানে মানুষের মানবিক মূল্যবোধ ডানা মেলবে জীবনের স্বতঃস্ফূর্ততায়। ভেদাভেদহীন ও কল্যাণময় একটি সমাজ গড়ে তোলার লক্ষ্য তার। যে সমাজে সবাই গাইবে সাম্যের গান। কিন্তু তার সঙ্গে মেলে না কারও। অবশেষে ভালোবাসার মানুষ আঙ্গুরবালাকে নিয়ে পাড়ি দেয় আজানার উদ্দেশে।
নাটকটির আলোক নির্দেশনায় অসীম দাশ ও পোশাক পরিকল্পনায় ছিলেন আলী আহমেদ। সংগীত পরিকল্পনায় ছিলেন মঈন উদ্দিন ও সুদত্ত চক্রবর্তী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অসিত দাশ, মঈন উদ্দিন, জাহেদুল আলম, কঙ্কণ দাশ, সুমন বড়ুয়া, তাসনুভা তানজিল, বিটু ভৌমিক, মাহমুদ রাসেল, গুলশান আরা, জামাল হোসেন, পরিতোষ দাশ, জাহিদুল ইসলাম, সাব্বির আহম্মেদ, সুনয়ন দেবনাথ, অর্ণা দেবরায় ও সুজন।