জেলের ভেতর কেউ রাজা নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক টেলিযোগাযোগমন্ত্রী এ রাজার দিন এখন কাটছে দিল্লির কুখ্যাত তিহার জেলের ১৫ বাই ১০ ফুট এক প্রকোষ্ঠে। ওই সেলে কোনো বিছানা নেই। এক লাখ ৭৬ হাজার কোটি রুপির কেলেঙ্কারিতে জড়িয়ে যিনি জেলে এসেছেন, তাঁকে এখন ঘুমাতে হচ্ছে কম্বলের ওপর। জেলে এ রাজাকে ছয়টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে দুটিকে তিনি তোশক হিসেবে ব্যবহার করছেন।কারা মহাপরিদর্শক (দিল্লি) নীরাজ কুমার এ প্রসঙ্গে বলেন, ‘জেলের ভেতর কেউ ভিআইপি নন। আদালতের নির্দেশ ছাড়া এমনকি প্রবল প্রতাপশালীরাও বাড়তি কোনো সুযোগ-সুবিধা পান না।’ রাজা আদালতের অনুমতিক্রমে সপ্তাহে দুই দিন বাড়ির তৈরি খাবার খেতে পারছেন। তবে সেখানেও শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বাড়ির খাবারে কোনো ঝোল-তরকারি বা ফল থাকতে পারবে না।কোনো কোনো ব্যক্তির বেলায় আদালত অবশ্য আরেকটু বেশি মহানুভবতা দেখিয়েছেন। যেমন, আইটি কোম্পানি সত্যমের প্রধান নির্বাহী এম রামালিঙ্গ রাজু। হায়দরাবাদের চাঞ্চালগুড়া কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষকে আদালত রামালিঙ্গ রাজুকে বিশেষ বন্দীর মর্যাদা (স্পেশাল রিমান্ড প্রিজনার স্ট্যাটাস) দেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্ষেত্রবিশেষে বন্দীরা জেলে ঢোকার আগে আদালতে বিশেষ মর্যাদার জন্য আবেদন করতে পারেন। আদালত বন্দীর সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক অবস্থাকে বিবেচনায় নিয়ে থাকেন। তবে বিশেষ মর্যাদা পান খুব কম লোকই। পুরো অন্ধ্র প্রদেশের বিভিন্ন জেলে ১৩ হাজার কয়েদির মধ্যে বিশেষ মর্যাদা ভোগ করছেন মাত্র ২০ জন। বিশেষ মর্যাদা পাওয়ায় আইটি মোগল রাজুর জেলের জীবন অনেকের তুলনায় অনেক বেশি আরামের। রাজার যেখানে একটা বিছানাও জোটেনি, সেখানে রাজু পেয়েছেন খাট, তোশক, দুটি বালিশ, একটা মশারি, পড়ার টেবিল-চেয়ার, এমনকি একটা আরামকেদারা! আর ‘বিশেষ’ হওয়ার সুযোগে তিনি ফলমূলও খাচ্ছেন। রাজুকে পরিষ্কার কাপড়চোপড় এবং বইও সরবরাহ করা হচ্ছে। তবে সাধারণ বন্দীর মতো তিনিও সপ্তাহে দুজন দর্শনার্থীর সঙ্গে দেখা করতে পারেন। বিশেষ বন্দীরা প্রয়োজন পড়লে নাপিত ডাকতে পারেন, সাধারণ কয়েদিদের এ জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়। কারণ, জেলে প্রতি এক হাজার বন্দীর জন্য নাপিত আছে মাত্র ১৫ জন।তবে বিশেষ মর্যাদা পেলেও জেলের জীবন আসলে হাসপাতালের চেয়েও খারাপ। প্রথমবার কারারুদ্ধ হওয়ার নয় মাস পর হেপাটাইটিস ‘সি’ ও হূদেরাগ ধরা পড়ায় সত্যমের রাজুকে হায়দরাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের শীতাতপনিয়ন্ত্রিত ওয়ার্ডে পাঠানো হয়। ১০ মাস হাসপাতালে থাকার পর আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। কিন্তু ৮৪ দিন পর সুপ্রিম কোর্ট জামিন বাতিল করে আবার তাঁকে জেলে পাঠান।জেসিকা লালকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মনু শর্মাকে ২০০৯ সালের সেপ্টেম্বরে দুই মাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল অসুস্থ মাকে দেখাশোনার জন্য। কিন্তু অনেক দিন সামাজিক মেলামেশার সুযোগবঞ্চিত মনু চুটিয়ে ক্লাবিং শুরু করলেন। একদিন এক নাইটক্লাবে গিয়ে ঝামেলা বাধিয়ে বসায় তাঁর প্যারোল বাতিল হলো।তবে টেলিকম কেলেঙ্কারির এ রাজা আপাতত জেলের চার দেয়ালের ভেতরের লোকজনের সঙ্গে মেলামেশা করেই খুশি। কারারক্ষীরা তাঁকে সাংবাদিক শিবানী ভাটনগরকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আর কে শর্মার সঙ্গে কথা বলতে দেখেছেন।কারা মহাপরিদর্শক নীরাজ কুমার জানালেন, বন্দীদের নিজেদের মধ্যে মেলামেশার যথেষ্ট সুযোগ দেওয়া হয়। একটা নির্দিষ্ট সময়ে তারা কমন রুম কিংবা খেলার মাঠে যেতে পারে। জেলে ক্রীড়ামোদী হিসেবে পরিচিতি পেয়েছেন মনু শর্মা। তিনি তাঁর নিজ কারাগারের টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক। তিহার জেলে প্রতিটি ব্যারাকে একটি টেলিভিশনও আছে।জেলে সবাই যায় কোনো না কোনো অপরাধ করে। কিন্তু তার পরও সেখানে সামাজিক মর্যাদাক্রম বহাল তবিয়তে থেকে যায়। তিন মাস আগে তিহার জেল থেকে বেরিয়েছেন এমন একজন জানান, গোপনে অনেককেই বিশেষ সুবিধা দেওয়া হয়। কারাগারের নিচের সারির কর্মীরাই মূলত প্রভাবশালী বন্দীদের নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা করে দেন। ২০০৯ সালে কারা কর্তৃপক্ষ তিহারের মতো দুর্ভেদ্য জেল থেকে ইন্টারনেট ডেটা কার্ড ও পেনড্রাইভ উদ্ধার করে। ২০১০ সালে উদ্ধার হয় নয়টি মুঠোফোন ও ১১টি সিমকার্ড। এর পর ওই জেলে মোবাইল জ্যামার ও সিসিটিভি চালু করা হয়। কারামুক্ত ওই ব্যক্তির চোখে তিহার জেল তুলনামূলকভাবে কড়া ও নিয়মনিষ্ঠ। তবে এখানেও ক্ষমতাধর ব্যক্তিরা টাকা খরচ করে নানা সুযোগ-সুবিধা আদায় করতে পারেন।কারা কর্তৃপক্ষের বিবেচনায় এ রাজা প্রভাবশালী হলেও তাঁর চাহিদা খুব সামান্য। কর্তৃপক্ষের সঙ্গে মোটেই ঝামেলা করেন না। তিনি খুবই নিয়মানুবর্তী। ঠিক সকাল পাঁচটায় ওঠেন, ছয়টা থেকে সাতটার মধ্যে নাশতা করেন। সন্ধ্যা সাতটা বাজলে লাইনে গিয়ে দাঁড়ান। মাথা গোনা শেষ হলে ঢুকে পড়েন নিজের ছোট্ট প্রকোষ্ঠে। শেখ সাবিহা আলম, ইন্টারনেট থেকে