জেলেরা মানছেন প্রভাবশালীরা ধরছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার বিভিন্ন খাল ও নদী থেকে প্রজননের মাসেও মাছ ধরা হচ্ছে। জেলেরা নিয়ম মেনে মাছ ধরা থেকে বিরত থাকলেও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ডিমওয়ালা মা-মাছ ধরছেন। হাটবাজারে অবাধে বিক্রি হচ্ছে এসব মাছ। প্রসঙ্গত, মাছের বংশ বিস্তারের জন্য প্রতিবছর মার্চ থেকে মে পর্যন্ত প্রজননক্ষেত্র থেকে মা-মাছ শিকার নিষিদ্ধ।স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ১৩টি খাল এবং একটি নদী মৎস্য সংরক্ষণ ও প্রজননক্ষেত্র হিসেবে চিহ্নিত। ভারতের আসাম রাজ্য থেকে সৃষ্ট ইছামতী নদী উপজেলার রাজানগর, পারুয়া, স্বনির্ভর ইউনিয়ন ও পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পদুয়া ও শিলক ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত শিলক খাল, পোমরা ও বেতাগি ইউনিয়নের ওপর দিয়ে গোচরা খাল, বেতাগি খাল, কোদালা ইউনিয়নের ওপর দিয়ে ডং খাল, চন্দ্রঘোনা ইউনিয়নের ওপর দিয়ে হাশেম খাল, গুমাইবিলের ওপর দিয়ে হয়েছে মুন্দরী খাল। এসব খালে দেশি প্রজাতির বিভিন্ন মাছের পাশাপাশি বিপুল পরিমাণ চিংড়ি মাছ পাওয়া যায়। এলাকাবাসী জানান, মৎস্য প্রজননক্ষেত্র হিসেবে চিহ্নিত খাল ও নদী ঘিরে উপজেলার পারুয়া, মরিয়মনগর, পোমরা, বেতাগি, চন্দ্রঘোনা, কোদালা, শিলক ও পৌরসভার ইছাখালি এলাকায় জেলেপাড়া গড়ে ওঠে। যাঁরা যুগ যুগ ধরে এসব নদী ও খাল থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছেন। মৎস্য প্রজননের মৌসুমে জেলেরা প্রজনন ক্ষেত্র থেকে মাছ শিকার বন্ধ রাখলেও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বাঁশ ও গাছের ঘের দিয়ে মাছ শিকার করে চলেছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, মুরাদনগর ও ঘাটচেক পৌর এলাকার মাত্র এক কিলোমিটার এলাকায় ইছামতী নদীতে প্রায় শতাধিক ঘের দেওয়া হয়েছে। এ ছাড়া গোচরা খাল, বেতাগি খাল, হাশেম খাল, ডং খাল, মুন্দরী খালেও রয়েছে অসংখ্য ঘের। মুরাদনগর পৌর এলাকার রাজু মিয়া, আবুল কালাম, আইয়ুব আলী, দেলা মিয়া ও কালু মিয়া জানান, ইছামতী নদীতে তাঁরা ঘের দিয়েছেন, ১৫ দিন পর পর মাছ পাওয়া যায়। প্রতিবার পাঁচ-ছয় মণ চিংড়িসহ বোয়াল, রুই, কাতল, মৃগেল, কালবাউশ, বাইলা, পাঙাশ, আইড়, মইল্যা, পুঁটিমাছ পাওয়া যায়। আবুল কালাম জানান, ‘প্রতিবছর মার্চ-মে মাসে মাছ বেশি পাওয়া যায়। কারণ এ সময় মা-মাছ ডিম ছাড়ে। মৎস্য প্রজনন ও ডিম ছাড়ার জন্য মা-মাছ ঘেরে আশ্রয় নেয়। তা ছাড়া জেলেরা ওই তিন মাস ছাড়া সারা বছর মাছ ধরেন। ফলে এ সময় মাছ বেশি পাওয়া যায়। পূর্ব সৈয়দবাড়ির আবদুল মোনাফ ঘের দিয়েছেন মুন্দরী খালে। তিনি জানান, এভাবে মাছ ধরা যে অবৈধ তা তিনি জানেন না। প্রশাসনও বিষয়টি তাঁদের নজরে আনেননি। পৌর সদর ইছাখালি জেলেপাড়ার সর্দার মনমোহন জলদাস জানান, মার্চ থেকে মে পর্যন্ত মাছের প্রজনন মৌসুম। ফলে মাছের বংশবিস্তার ও মৎস্যসম্পদ রক্ষায় জেলেরা এ তিন মাস মাছ ধরেন না। মাছ না ধরার কারণে জেলেদের অর্থকষ্টে দিন কাটাতে হয়। অবৈধভাবে মাছ ধরার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হলেও কোনো কাজ হয়নি। উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মাছের বংশবিস্তারে জেলেরা সচেতন হলেও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি নিষেধাজ্ঞা মানছেন না। তাঁরা ইছামতী নদী, গোচরা, মুন্দরী খাল, বেতাগি খালে ঘের দিয়ে প্রজননের মাসেও মা-মাছ ধরছেন। তাঁদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে জানান, মৎস্য প্রজনন ক্ষেত্র ইছামতীসহ সব খাল ও নদী থেকে ঘের উচ্ছেদে অভিযান চালানো হবে। ঘের দিয়ে মাছ শিকারে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।