ছোটবেলা থেকেই বিজ্ঞান বা গণিতের বিষয়গুলো ভালো লাগত জেসিকা জামানের। মাধ্যমিকের পাট চুকিয়ে কলেজে ভর্তি হওয়ার পর বিজ্ঞানের জটিল ও দুর্বোধ্য বিষয়গুলো আরও ভালো লাগতে শুরু করে। তখনই স্বপ্ন দেখেন প্রকৌশলে পড়বেন। স্বপ্ন পূরণ হয় ২০১২ সালে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগে পড়ার সুযোগ পান তিনি।
জেসিকার পুরো পরিবার প্রথম আলোর একনিষ্ঠ পাঠক। প্রথম আলোতে ছাপা হওয়া বিভিন্ন গুণীজনের কথা, সমাবর্তন বক্তৃতা, নানা প্রতিযোগিতার খবর, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তাক লাগানো শিক্ষার্থীদের কথা ছেলেবেলা থেকেই পড়তেন মন দিয়ে। শুধু যে পড়তেন, তা-ই নয়, পত্রিকা কেটে কেটে সংগ্রহে রাখতেন, আর ভাবতেন, ‘ইশ! ওদের মতো একদিন আমার কথাও যদি ছাপা হতো!’
‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আজ সেই স্বপ্নও পূরণ হলো। গত ৩০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেরা ১০ দলের মধ্যে জেসিকাই ছিলেন সবচেয়ে আলাদা। কারণ, তাঁর দলে সদস্য তিনি একাই!
অথচ শুরুতে নাকি এই প্রতিযোগিতায় তাঁর অংশ নেওয়ার কথাই ছিল না। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যাঁরা পুরকৌশলে পড়েন, তাঁদের জন্যই আয়োজিত হয় ইন-জিনিয়াস। এটি একটি ‘স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন’। এক বন্ধুর কাছ থেকে প্রথম প্রতিযোগিতার খবর পান জেসিকা। প্রতিযোগিতার শর্ত অনুযায়ী দল গঠন করতে হতো। কিন্তু দলে আর কোনো সদস্য না পেয়ে কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না এই পুরকৌশলী। অবশেষে জেসিকার ‘দলে’ সঙ্গী হলো ‘সাহস’—একাই অংশগ্রহণ করবেন বলে ঠিক করলেন তিনি। দলের নাম ঠিক করলেন—‘দ্য কনকারার’, বাংলা করলে হয় ‘জয়ী’। বোঝা যায়, জেসিকার ‘দলে’ সাহসের পাশাপাশি আত্মবিশ্বাসও ছিল প্রবল। তাই প্রতিযোগিতার শুরু থেকেই নিজেকে ‘জয়ী’ ভাবতে ভয় পাননি। তবে জেসিকা বললেন, ‘আমি শুধু নিজেকে যাচাই করতে চেয়েছিলাম।’
নিজেকে জানা
২০১৭ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ থেকে স্নাতক হওয়ার পর একটি স্ট্রাকচারাল ডিজাইন কনসালট্যান্সি প্রতিষ্ঠানে যোগ দেন জেসিকা। সেখান থেকেই মূলত স্ট্রাকচারাল ডিজাইনের প্রতি আগ্রহ ও ভালোবাসা তৈরি হয় তাঁর। কিন্তু ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’ প্রতিযোগিতায় অংশ নিতে এসে তাঁর মনে হলো, বিষয়টি যতটা সহজ ভেবেছিলেন, আদতে তা নয়। প্রতিযোগিতায় যেসব শর্ত দিয়ে ‘স্ট্রাকচারাল ডিজাইন’ করতে বলা হয়েছে, সেসবের তেমন কিছুই তিনি জানতেন না। কিন্তু চ্যালেঞ্জটা ঠিকই নিতে চেয়েছিলেন। প্রতিযোগিতার প্রথম ধাপ অতিক্রমের পর ভেবেছেন, অন্তত শেখার জন্য হলেও শেষ পর্যন্ত টিকে থাকতেই হবে। তাই সারা দিন অফিস শেষে বাড়ি ফেরা স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে পড়তে বসা কঠিন হলেও জেসিকা তা করেছেন খুশিমনে। প্রতিযোগিতার দ্বিতীয় ধাপে আয়োজিত কর্মশালা এবং বিচারকদের দিকনির্দেশনাও কাজে এসেছে।
উচ্চশিক্ষায় আগ্রহ
বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ঢাকা এমআরটি লাইন-১ প্রকল্পে কাজ করছেন জেসিকা জামান। পাশাপাশি একটি স্ট্রাকচারাল কনসালট্যান্সি ফার্মে খণ্ডকালীন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন তিনি। স্ট্রাকচারাল ডিজাইনে হাতেখড়ি হয়েছে মূলত এখানেই।
জেসিকা জামান বলেন, ‘স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়টি খুবই জটিল। এখনো অনেক কিছু শেখার বাকি। তাই ভবিষ্যতে ভিনদেশে গিয়ে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছা আছে।’