
২০ জুলাই, ২০১৪! থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল ১০টা। বসে আছি বামরুনগ্রাদ হাসপাতালের ২০ তলায় সুবিশাল এক কক্ষে। চিকিৎসকের ডাকের অপেক্ষা করছি। হাতে স্বাস্থ্য পরীক্ষার একগাদা রিপোর্ট। অবশেষে ডাক পড়ল। শল্যচিকিৎসক ছানারঙ কাসেম কিজওয়াটানার দপ্তরে ঢুকলাম।
ছানারঙ কাগজপত্রে চোখ বুলিয়ে নিলেন। এরপর শুয়ে পড়তে বললেন। নানাভাবে বাঁ হাঁটু পরীক্ষা করলেন। জানালেন, আঘাতে হাঁটুটা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিয়মিত ব্যায়াম করতে হবে এবং খেতে হবে ওষুধ। তার পরও অবস্থা যদি খারাপ হতে থাকে, তাহলে হাঁটু রিপ্লেসমেন্ট প্রয়োজন হবে।
এর আগে গত ডিসেম্বরে দ্য ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের প্রবীণ শল্যচিকিৎসক অমিতাভ চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘তোমার হাঁটুর সার্জারি লাগবে। এখন সার্জারি না করলে পরে হাঁটু রিপ্লেসমেন্ট করতে হবে।’
গত বছরের ২০ মার্চ প্রথম আলোতে ‘ঝুঁকিহ্রাস প্রকল্পের টাকা নয়ছয়ের যত কৌশল’ শিরোনামে আমার একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়। অনুসন্ধানী প্রতিবেদনটিতে যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিহ্রাস প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে অস্বচ্ছতা, অনিয়ম ও দুর্নীতির বিবরণ তুলে ধরা হয়েছিল। ২৮ মার্চ পেশাগত দায়িত্ব পালন শেষে দুপুরে সুন্দলী থেকে উপজেলা সদরে যাওয়ার জন্য ইজিবাইকে চড়ি। সুন্দলী ইউনিয়নের ধোপাদী গ্রামের উলুর বটতলায় পৌঁছালে সুফিয়ান ফকিরের নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি সন্ত্রাসী দল ইজিবাইক থেকে আমাকে জোর করে নামিয়ে বেদম মারধর করে। গাছের মোটা ডাল, হকিস্টিক, হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার কোমর থেকে শরীরের নিচের অংশ থেঁতলে দেয় ওরা। বাঁ হাত ভেঙে দেয়। ভেঙে দেওয়া হয় বাঁ হাঁটু। আঘাত করা হয় ডান হাতেও। বহু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনাটি দেখে, কিন্তু এগিয়ে আসেনি কেউ। বীরদর্পে ওরা চলে যাওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় আমাকে নেওয়া হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসকেরা দেখলেন। হাত-পা ও কোমরের এক্স-রে করা হলো। অবস্থা জটিল হওয়ায় অ্যাম্বুলেন্সে যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হলো। চলল সাত দিন ধরে চিকিৎসা। খুব বেশি কাজ হলো না।
প্রথম আলোর উদ্যোগে সেখান থেকে বিমানে করে নিয়ে যাওয়া হলো ঢাকায় বারডেম হাসপাতালে। দেখতে এলেন সম্পাদক মতিভাইসহ আরও অনেক সহকর্মী। ভালোবাসার হাত সম্প্রসারিত হলো। হলো বাঁ হাতে অস্ত্রোপচার। বারডেমে দুই দফায় ২৫ দিন চিকিৎসা নিলাম। কিন্তু পায়ের খুব বেশি উন্নতি হলো না। প্রথম আলোর সার্বিক সহযোগিতায় ভারতে ও সর্বশেষ বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিয়েছি।
এখনো খুব বেশি হাঁটতে পারি না। সিঁড়ি ভেঙে ওপর-নিচ করতে পারি না। অন্যের সহযোগিতা ছাড়া বাস ও ট্রেনে উঠতে পারি না। শরীরের যন্ত্রণার সঙ্গে পাল্লা দিয়ে হৃদয়ে চলে রক্তক্ষরণ। তবু বেঁচে আছি। সাংবাদিকতা করে চলেছি জোড়াতালি দেওয়া শরীরটা টেনেটুনে।
মাসুদ আলম: অভয়নগর (যশোর) প্রতিনিধি