
বারবার বিলম্বের ফাঁদে আটকে যাচ্ছে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক সংস্কার। তিন বছর আগে সড়কটির সংস্কারকাজ শুরু হলেও এখনো শেষ হয়নি। দুর্ভোগও কমেনি এই পথে চলাচলকারী যাত্রীদের। স্থানীয় লোকজনের দাবি রাস্তা খারাপ হওয়ায় টেকনাফ ও সেন্ট মার্টিনে পর্যটক কমে যাচ্ছে। ফলে আয় কমছে পর্যটনের সঙ্গে জড়িত লোকজনের।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ৮৯ কিলোমিটার দীর্ঘ টেকনাফ-কক্সবাজার মহাসড়কের খানাখন্দে ভরা ৪৩ কিলোমিটার সংস্কারকাজ শুরু হয়। কার্যাদেশ পায় ঢাকার প্রজেক্ট বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২১ কোটি টাকা ব্যয়ের এই সংস্কারকাজের জন্য এক বছরের সময়সীমাও বেঁধে দেয় সওজ। তবে দুই বছরে টেকনাফ থেকে হ্নীলা পর্যন্ত মাত্র ২১ কিলোমিটার সড়ক সংস্কার করে প্রতিষ্ঠানটি। টেকনাফের হ্নীলা থেকে উখিয়ার থাইংখালী পর্যন্ত ২২ কিলোমিটার সড়কের সংস্কার এখনো শুরুই হয়নি। সংস্কারে গাফিলতি ও অনিয়মের অভিযোগে ঠিকাদার প্রতিষ্ঠান প্রজেক্ট বিল্ডার্সের কার্যাদেশও বাতিল করে সওজ। এরপর নতুন করে ফেনীর র্যাব আরসি প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত বছরের ২৫ ডিসেম্বর অবশিষ্ট ২২ কিলোমিটার সড়ক সংস্কারের কার্যাদেশ পায়। ১২ কোটি টাকা ব্যয়ে এই সংস্কারকাজ এ বছরের জুনে শেষ হওয়ার কথা। তবে কার্যাদেশ পাওয়ার দেড় মাস চলেও গেলেও কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
গুরুত্বপূর্ণ এই সড়কটি ভাঙাচোরা হওয়ায় টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানির কাজে নিয়োজিত বিভিন্ন পণ্যবাহী যানবাহন আটকা পড়ছে সড়কে। কয়েক মাস ধরে হ্নীলা বাসস্টেশন এলাকার সৃষ্ট গর্তে পণ্যবাহী ট্রাক আটকে পড়ছে। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
সরেজমিনে দেখা যায়, টেকনাফ থেকে হ্নীলা স্টেশন পর্যন্ত কোনো রকমে দূরপাল্লার যানবাহন ছেড়ে গেলেও হ্নীলা নামক এলাকায় পৌঁছালে শুরু হয় ধুলাবালুর অত্যাচার। হ্নীলা থেকে থাইংখালী পর্যন্ত সড়কের ২২ কিলোমিটারজুড়ে বিভিন্ন জায়গায় ছোট-বড় তিন শতাধিক গর্ত আছে। এই স্থানে মাঝেমধ্যেই বিকল হয়ে পড়ছে যানবাহন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের টেকনাফের ব্যবস্থাপক আনোয়ার আলী হাজারী বলেন, সড়কের কাজ করার জন্য পাথর, বালু, বিটুমিনসহ অন্যান্য মালামাল আনা হচ্ছে। কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।
সেন্ট মার্টিন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান বলেন, সারা বছর এখানকার ব্যবসায়ীরা পর্যটনের মৌসুমের জন্য অপেক্ষা করেন। অথচ এ বছর ব্যবসার অবস্থা খুবই খারাপ। কর্মচারীদের বেতনটাও মালিকেরা ঠিকমতো দিতে পারছে না।’
বাসচালক মো. বেলাল হোসেন ও ট্রাকচালক নুরুল আলম বলেন, সড়কের ৮৯ কিলোমিটার যেতে সময় লাগে সাড়ে তিন ঘণ্টা। কিন্তু হ্নীলা থেকে থাইংখালী পর্যন্ত ২২ কিলোমিটার পর হতেই লাগে প্রায় দুই ঘণ্টা।
টেকনাফ স্থলবন্দর ব্যবসায়ী সমিতির সহসভাপতি এম এ হাশেম বলেন, সরকার প্রতিবছর এ স্থলবন্দর থেকে প্রায় ৮০ কোটি টাকার বেশি রাজস্ব আয় করছে। পুরো জেলার তিন ভাগের দুই ভাগ রাজস্ব আয় ওই স্থলবন্দর দিয়ে আসে। কিন্তু এ অঞ্চলের মানুষ, দূরপাল্লার বাসের যাত্রী ও বন্দরের ব্যবসায়ীদের দুর্ভোগের কথা কেউ ভাবছে না। দুর্ভোগ দূর করার জন্য দ্রুত সড়ক সংস্কার করতে হবে।
এ ব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, পর্যটনশিল্প ও সীমান্ত-বাণিজ্যের কথা চিন্তা করে সড়ক সংস্কার করার জন্য র্যাব আরসি প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছয় মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে কাজ শুরু করার তাগাদা দেওয়া হয়েছে|