জোয়ারের ধাক্কায় নড়বড়ে সাঁকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার রায়পুর ও সরেঙ্গা ইউনিয়নের মাঝে সাপমারা খাল। খালের ওপর একটি সাঁকো দুই ইউনিয়নের বাসিন্দাদের যোগাযোগের একমাত্র মাধ্যম। কিন্তু শঙ্খ নদের প্রবল ঢলের তোড়ে নড়বড়ে হয়ে পড়েছে সাঁকোটি। তাই ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকার বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, প্রায় ৩০ ফুট লম্বা সাঁকোটি নড়বড়ে হয়ে পড়েছে। সাঁকোতে উঠলেই দুলতে থাকে। কাঠের তৈরি পাটাতন ও খুঁটিগুলো দুর্বল হয়ে পড়েছে।
খালপাড়ে বসবাসকারীরা জানান, সাপমারা খালটি শঙ্খ নদ থেকে বেরিয়েছে। গত কিছুদিনের প্রবল বৃষ্টির কারণে শঙ্খ নদের স্রোত খালে প্রবেশ করছে। প্রবল স্রোতের কারণে সাঁকোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্বল হয়ে পড়েছে এর ভিত্তি।
তাঁরা আরও জানান, প্রতিদিন শত শত মাছ ব্যবসায়ী ও জেলে জুঁইদণ্ডী থেকে রায়পুরে যাতায়াত করেন। আবার রায়পুর থেকে অনেক শিক্ষার্থী জুঁইদণ্ডীর জে কে এস উচ্চবিদ্যালয় ও আনোয়ারুল উলুম মাদ্রাসায় লেখাপড়া করে। নড়বড়ে এই সাঁকোই তাদের চলাচলের ভরসা।
উপজেলা পরিসংখ্যান কার্যালয় সূত্র জানায়, রায়পুরের লোকসংখ্যা ৪০ হাজার ৯৭০ জন। অপরদিকে জুঁইদণ্ডীতে বসবাস করে ১৯ হাজার ৯৫ জন মানুষ। এ দুই ইউনিয়নের এক-তৃতীয়াংশ জনসাধারণই সাপমারা খালের বাঁশের সাঁকোর ওপর যাতায়াতের জন্য ভরসা করে।
সাপমারা খালের পাশে সাঁকো এলাকার বাসিন্দা আবু জাফর (৪৭) বলেন, ‘সাঁকো নড়বড়ে হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বৃষ্টি হলে বুক কাঁপে ভয়ে। আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু দেখার কেউ নেই।’
জুঁইদণ্ডীর ইউপি চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী বলেন, ‘এই সাঁকো দিয়ে শত শত মানুষ চলাচল করে। শিশুরা ঝুঁকি িনয়ে বিদ্যালয়ে যায়। সাঁকোটি পাকা হোক এটাই এলাকাবাসীর দাবি।’
আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান প্রথম আলোকে বলেন, ‘সাপমারা খালের ওপর ৩০ মিটার পাকা সেতু করার জন্য আমরা ইতিমধ্যে প্রকল্প প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন হলেই কাজ শুরু হবে।’