জোয়ারের পানি আটকাতে গ্রামবাসীর রাস্তা সংস্কার

সাম্প্রতিক ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে মাতারবাড়ি মগডেইল থেকে সায়রার ডেইল এলাকার পাঁচ কিলোমিটার গ্রামীণ রাস্তা একেবারেই ভেঙে যায়। রাস্তা ভাঙা থাকায় জোয়ারের পানি বিনা বাধায় ঢুকছে ফসলের খেতে। এ কারণে ঘর-বাড়ি বাঁচাতে রাস্তা সংস্কারে হাত লাগিয়েছেন এলাকাবাসী। এর ফলে জোয়ারের কবল থেকে রক্ষা পায় মগডেইল ও সায়রার ডেইল গ্রামের অন্তত ২০ হাজার মানুষ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে মাতারবাড়ি ইউনিয়নের প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ একেবারেই সাগরে বিলীন হয়ে গেছে। এতে ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়। আর জোয়ারের কবলে পড়ে ভেঙে গেছে এক হাজার কাঁচা ঘরবাড়ি ও পাঁচ কিলোমিটার গ্রামীণ সড়ক। তলিয়ে গেছে তিন হাজার একর আমনখেত। কিন্তু বরাদ্দের অভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বেড়িবাঁধ ও রাস্তা সংস্কার করতে পারেনি। ৭ আগস্ট ঘরবাড়ি ও আমনখেত রক্ষার জন্য সায়রার ডেইল ও মগডেইল এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যোগেই রাস্তা সংস্কার শুরু করেন। ১১ আগস্ট সংস্কারকাজ শেষ হয়।
১০ আগস্ট সরেজমিন গিয়ে দেখা যায়, দক্ষিণ মগডেইল থেকে সায়রার ডেইল পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য দুই শতাধিক গ্রামবাসী মাটি ফেলছিলেন।
এ সময় কথা হয় দক্ষিণ মগডেইল এলাকার বাসিন্দা মোহাম্মদ মোজাম্মেল ও শের উল্লাহর সঙ্গে। তাঁরা বলেন, ‘জোয়ারের কবলে পড়ে রাস্তাটি ভেঙে গেছে। রাস্তা ভাঙা থাকায় বেড়িবাঁধের পানি ঘরবাড়িতে ঢুকছে। তাই বাধ্য হয়ে রাস্তা সারাচ্ছি।’
মগডেইল এলাকার বাসিন্দা মোহাম্মদ হোছাইন বলেন, রাস্তা ভেঙে যাওয়ার কারণে জোয়ারের পানিতে তলিয়ে গেছে তিন হাজার একরের আমনখেত। তাই আমন চাষ রক্ষার জন্য স্থানীয় কৃষকেরাও এগিয়ে এসে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম বলেন, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে আটটি ইউনিয়নের গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে মাতারবাড়ি মগডেইল থেকে সায়রার ডেইল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা বিলীন হয়ে গেছে। কিন্তু বরাদ্দের অভাবে তাৎক্ষণিকভাবে রাস্তাটি সংস্কার করা সম্ভব হয়নি। পরে স্থানীয় এলাকার বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করেছেন। এতে জোয়ারের কবল থেকে রক্ষা পেল দুই গ্রামের অন্তত ২০ হাজার মানুষ।