অমাবস্যার জোয়ারের প্রভাবে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে বেড়িবাঁধ ভেঙে গেছে। ফলে জোয়ারে পানিতে তলিয়ে গেছে অন্তত ৪০০ একর জমির লবণ মাঠ। বর্তমানে ভাঙা বাঁধের আশপাশে লোকালয়ে জোয়ার-ভাটা চলছে।
স্থানীয় লোকজন জানান, ১৮ এপ্রিল রাতে জোয়ারের প্রভাবে মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণে পানি উন্নয়নের অন্তত ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। ওই সময় তলিয়ে যায় লবণ মাঠ। জরুরি ভিত্তিতে ভাঙা বাঁধ সংস্কার না করলে বর্ষায় অন্তত ১৫ গ্রামের মানুষ জোয়ার-ভাটার কবলে পড়ার আশঙ্কা রয়েছে।
লবণচাষি ও জমির মালিকদের সঙ্গে আলাপে জানা গেছে, জানুয়ারির শুরুতেই স্থানীয় চাষিরা লবণ উৎপাদন শুরু করে। এর মধ্যে লবণ উৎপাদনের শুরুতে চার দফা ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হন চাষিরা। সর্বশেষ বেড়িবাঁধ ভেঙে চাষিরা বড় লোকসানের মুখে পড়েছেন। মাতারবাড়ীর ইউনিয়নের মগডেইল এলাকার লবণচাষি নুর কাদের ও রমিজ আলম বলেন, বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে লোকালয়ে এখন জোয়ার-ভাটা চলছে। এতে লজিবর ও টিয়াকাটি চিংড়িঘেরের ভেতরে লবণ উৎপাদন বন্ধ রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী জানান, বাঁধ সংস্কারের জন্য ইতিমধ্যে বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে আবেদন করা হয়েছে।