
আজ শহরে চাঁদ উঠেছে। আজ আর ছাদে যাব না।
গালগল্পে ঘরে বসেই সাজাব বসন্ত।
আজ আর ছাদে গিয়ে কাজ নেই, বরং চার দেয়ালে রং করি সোনালি সময়।
স্মৃতির স্নিগ্ধ বকুল। রোদ্দুর। স্বপ্নগুলো, ভালোবাসাগুলো।
সে কোন ফাল্গুনে আড়চোখে তাকিয়ে ছিলে।
অবোধ আমার হৃদয়ে তোলপাড়। ভালোবাসার প্রথম ভাগ। তোমার কথার আতশবাজি। চিঠি। জ্যামিতি বক্স। উড়ু উড়ু মন।
কী হয়েছিল? আমার আলুথালু প্রেম। দিন নেই রাত নেই তোমার কথা মনে পড়ছে। রবীন্দ্রসংগীতে ডুবে থাকছি যখন-তখন। সকাল-বিকাল সারা দিন তোমার কথা ভাবছি। যেন আমার কোনো অজ্ঞাত রোগ। যেন তুমি ছাড়া কেউ নেই কোথাও। তুমি সবকিছু সমস্ত।
ক্লাসরুমের বারান্দায় প্রথম দেখা।
আমি বললাম, ‘এই যে শোনো, নাম কী যেন?’
তুমি বললে, ‘স্কুলে নতুন। দশম শ্রেণি। অঙ্কে কাঁচা।’
আমি বললাম, ‘অঙ্ক বুঝি। উপপাদ্য। সহজ-সরল সমীকরণ।’
তুমি বললে, ‘বাহ্। আমাকে একটু দেখিয়ে দিয়ো।’
তোমাকে সমীকরণ বোঝাতে গিয়ে আমি ভুলে গেলাম পড়ার টেবিল। দুপুরের ঘুম।
বিকেলবেলায় তোমার পাড়ায় আমার নিত্য আসা-যাওয়া। যদি তুমি জানালায় এসে দাঁড়াও, যদি তুমি চোখের মাপে আকাশ দেখো।
তখন তোমার জানালায় না আসাগুলো অপেক্ষার কবিতা। মন-খারাপরা বিছানায় এপাশ-ওপাশ।
আজকাল কত কিছু ভুলে যাই। সেই সব কবিতা, মন-খারাপ ভুলি না। সেই হাওয়া, তোমার বারান্দা, রেলিং, পাড়ার গলি, হলুদ দুপুর—নিখুঁত মনে আছে।
মনে আছে আমি একটু রাগ করলেই তোমার চোখ কাজলদিঘি।
তোমার অভিমান, আমার সবকিছু ওলট-পালট।
আমাদের দুচোখভরা স্বপ্ন ছিল। ভাঙা পৃথিবী সাজানোর স্বপ্ন। ছবির মতো ঘর। যে ঘরে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে পূর্ণিমা আসে। ফোটে জোছনার ফুল। দেয়ালে ঝোলে উত্তাল সমুদ্র, পাহাড়, নীল আকাশ, গাঙচিল।
আমাদের সমুদ্রে যাওয়া হয়নি কখনো। ভাবছি এবার সমুদ্রে যাব। কিছু পাহাড়ে ছবি তুলব, কিছু গাঙচিল, আকাশ। তারপর সমুদ্র, আকাশ, গাঙচিল আর পাহাড়দের সাথে নিয়ে গল্প করতে করতে বাড়ি ফিরব।
আজ শহরে চাঁদ উঠেছে।
আজ বিছানায় জোছনার ফুল ফুটেছে।
আজ ছাদে গিয়ে কাজ নেই