জোড়া খুনের তদন্তে ধীরগতি, আবারও বেপরোয়া দুই পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পূর্বাঞ্চল রেলওয়ের সদর দপ্তর নগরের সিআরবিতে কোটি টাকার দরপত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের জোড়া খুনের মামলার তদন্তে ২৭ মাসেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। কখন অভিযোগপত্র দেওয়া হবে তাও বলতে পারছে না পুলিশ।
এদিকে সর্বশেষ গত সোমবার সিআরবি এলাকায় ছাত্রলীগ-যুবলীগের সেই দুই পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরকে ধাওয়া দেয়। ফাঁকা গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ শনাক্ত করতে পারেনি অস্ত্রধারীদের।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, ‘তাঁরা কারা, শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা নিয়ে আলোচনা হয় গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায়। বৈঠকে বিষয়টি উত্থাপন করেন জনপ্রতিনিধিরা। এ সময় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ভিডিও ফুটেজ দেখে অস্ত্রধারীদের শনাক্ত করা হবে।
২০১৩ সালের ২৪ জুন রেলওয়ের সিআরবিতে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সাইফুল আলম ওরফে লিমনের পক্ষের মধ্যে কোটি টাকার দরপত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় উভয় পক্ষ অত্যাধুনিক বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। উভয় পক্ষের সংঘর্ষে প্রাণ হারান সাজু পালিত (২৮) ও আট বছরের শিশু আরমান। ঘটনার পরদিন বাবর ও লিমনকে দল থেকে বহিষ্কার করা হয়। তাঁদের মধ্যে বাবর নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও লিমন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মহিবুর রহমান বাদী হয়ে বাবর, লিমনসহ ছাত্রলীগ-যুবলীগের ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে নিহত সাজু পালিতের মা মিনতি পালিত বাদী হয়ে অজিত বিশ্বাসসহ চারজনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন। আদালত এটিকে এজাহার হিসেবে নিতে কোতোয়ালি থানা–পুলিশকে নির্দেশ দেন। এরপর বাবর-লিমনসহ ৫৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে শনাক্ত করতে পারেনি অস্ত্রধারী ও উদ্ধার হয়নি সংঘর্ষে ব্যবহৃত অস্ত্র।
আদালত সূত্র জানায়, ঘটনার চার মাসের মাথায় উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে যান গ্রেপ্তার ৫৬ আসামি। জামিনে গিয়ে ধার্য দিনে আদালতে হাজির না হওয়ায় পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তাঁরা হলেন আসামি তারেক আজিজ, রবিউল ইসলাম, সাগর হোসেন, অজিত বিশ্বাস ও মোহন তাঁতী। এর মধ্যে সাগর হোসেন গ্রেপ্তার হলেও গত মাসে তিনিও জামিনে বেরিয়ে যান।
জোড়া খুনের ঘটনা তদন্তে অগ্রগতি জানতে চাইলে পুলিশ বলছে তদন্ত অব্যাহত আছে। তবে দৃশ্যমান কোনো অগ্রগতির কথা জানাতে পারেনি। নাম প্রকাশ না করার শর্তে তদন্তসংশ্লিষ্ট পুলিশের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, মামলার আসামিরা ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মী হওয়ায় এক পক্ষ চাইছে আরেক পক্ষকে ফাঁসাতে। পুলিশ না পারছে কাউকে ধরতে, না পারছে তদন্ত শেষে অভিযোগপত্র দিতে। এ কারণে তাড়াহুড়ো না করে পুলিশও ধীরগতিতে এগোচ্ছে। মামলাটি চলতি বছরের মে মাসে থানা থেকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আতিক চৌধুরী গত মঙ্গলবার রাতে মুঠোফোনে বলেন, ‘এক মাস আগে মামলার নথি বুঝে পেয়েছি। এখনো নথি দেখছি। তদন্তে যাঁদের বিরুদ্ধে অপরাধের সত্যতা পাওয়া যাবে তাঁদের আসামি করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। ’
আসামিরা ছাত্রলীগ-যুবলীগের হওয়ায় রাজনৈতিক কোনো চাপে আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চাপ দিলেও কোনো কাজ হবে না।’
এর আগে তিন মাস ধরে মামলাটি তদন্ত করেন নগর গোয়েন্দা পুলিশের তৎকালীন পরিদর্শক জাহিদ হাসান।
গোয়েন্দা পুলিশের আগে দুই বছর ধরে মামলাটির তদন্ত করেছেন কোতোয়ালি থেকে বন্দর থানায় সদ্য বদলি হওয়া উপপরিদর্শক মো. কামরুজ্জামান। তদন্ত সম্পর্কে কোনো মন্তব্য না করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বলেন, আলোচিত এ মামলাটির তদন্ত দ্রুত শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
দুই বছরেও তদন্ত শেষ না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা। নিহত সাজু পালিতের মা মিনতি পালিত ছেলে হত্যার বিচার চেয়েছেন। একই দাবি করেছেন শিশু আরমানের মা আছিয়া বেগমও।
এদিকে গত সোমবার এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পরস্পরকে দোষারোপ করেছেন। বাবর ও লিমন ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেন।
সাইফুল আলম লিমন বলেন, বাবরের অনুসারীরা তাঁর অনুসারীদের ওপর হামলা করতে সিআরবি এলাকায় এলে আত্মরক্ষার্থে তাঁর লোকজন একত্র হয়ে সিআরবিতে অবস্থান করেছিল। কোমরে অস্ত্র ও হাতে কিরিচ থাকা যুবকেরা তাঁর অনুসারী নয় বলে দাবি করেন লিমন।
জানতে চাইলে মুঠোফোনে গত সোমবার রাতে বাবর ঢাকায় অবস্থান করছেন জানিয়ে সোমবারের ঘটনার জন্য লিমনকে দায়ী করেছেন।